পুবের কলম ওয়েব ডেস্কঃ ভোটগ্রহণের সময় এলাকায় অশান্তি ছড়ানো এবং উত্তেজনা তৈরির অভিযোগে মুর্শিদাবাদের নওদা থেকে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সফিউজ্জামান শেখ, যিনি হাবিব নামেও পরিচিত। তিনি মুর্শিদাবাদের তৃণমূল সাংসদ আবু তাহের খানের আত্মীয় বলেই পরিচিত। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন:
গত ২৩ এপ্রিল নওদায় প্রথম দফার ভোটগ্রহণের দিন বেশ উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছিল। অভিযোগ, ওই দিন ভোটকেন্দ্রের আশপাশে সংঘর্ষ ও বিশৃঙ্খলার ঘটনায় উস্কানিমূলক ভূমিকা ছিল সফিউজ্জামানের। বিশেষ করে নওদার জয়ী প্রার্থী হুমায়ুন কবীরের সমর্থক এবং তৃণমূল কর্মীদের মধ্যে উত্তেজনার আবহ তৈরি হয়। সেই ঘটনার তদন্তে নেমেই পুলিশ তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেছে বলে জানা যাচ্ছে। সোমবার গভীর রাতে নওদা থানার পুলিশ সফিউজ্জামানের বাড়িতে যায়।
প্রথমে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর বক্তব্যে অসঙ্গতি ধরা পড়ায় এবং তদন্তে একাধিক তথ্য সামনে আসায় তাঁকে গ্রেফতার করা হয়।আরও পড়ুন:
পুলিশের দাবি, গত কয়েক দিনে নওদার বিভিন্ন এলাকায় অশান্তির একাধিক অভিযোগ সামনে এসেছে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি এবং নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার ক্ষেত্রে ধৃত নেতার সক্রিয় ভূমিকা থাকতে পারে। সেই কারণেই তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।
বেলডাঙা মহকুমা পুলিশ আধিকারিক জানিয়েছেন, ভোটের দিন দুষ্কৃতী কার্যকলাপ, অশান্তি ছড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরির অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে আগের কিছু মামলাও রয়েছে। মূলত নির্বাচনের দিনকার ঘটনার সূত্র ধরেই এই গ্রেফতারি। অন্যদিকে, তৃণমূল নেতৃত্বের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই তাদের নেতাকে নিশানা করা হচ্ছে। তবে জেলা পুলিশের বক্তব্য, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ।