পুবের কলম ওয়েব ডেস্কঃ এবার গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা উত্তরবঙ্গের তৃণমূল নেতা উদয়ন গুহ। বুধবার কলকাতার ফুলবাগান এলাকায় তাঁর বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে কোচবিহার জেলা পুলিশ। দীর্ঘদিন ধরেই তাঁর সন্ধানে ছিল তদন্তকারী দল। অবশেষে এদিন অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তারের পর তাঁকে প্রথমে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয়।
পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাঁকে উত্তরবঙ্গে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। যদিও কোন নির্দিষ্ট মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে জানা যাচ্ছে, প্রতারণার মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। একসময় রাজ্যের শাসকদলের উত্তরবঙ্গের অত্যন্ত প্রভাবশালী মুখ ছিলেন উদয়ন গুহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্ব সামলানোর পাশাপাশি কোচবিহার জেলার সাংগঠনিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। রাজনৈতিক জীবনে তাঁর প্রভাব ও সক্রিয়তা দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল। বিভিন্ন সময়ে তাঁর একাধিক মন্তব্য ও রাজনৈতিক অবস্থান বিতর্কেরও জন্ম দিয়েছিল।আরও পড়ুন:
তবে রাজ্যের রাজনৈতিক পরিবর্তনের পর তাঁর অবস্থানে বড়সড় পরিবর্তন আসে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তিনি ধীরে ধীরে সক্রিয় রাজনীতি থেকে অনেকটাই দূরে সরে যান। কোচবিহার ছেড়ে কলকাতার ফুলবাগানে বসবাস শুরু করেন এবং জনসমক্ষে তাঁর উপস্থিতিও কমে যায়।
এরই মধ্যে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা দায়ের হয়। অভিযোগের তালিকায় ছিল প্রতারণা, হুমকি দেওয়া এবং ভোট-পরবর্তী হিংসার মতো গুরুতর বিষয়। তদন্ত এগোতেই পুলিশ তাঁর খোঁজে তৎপর হয় এবং শেষ পর্যন্ত বুধবার তাঁকে গ্রেপ্তার করা হয়। উদয়ন গুহের গ্রেপ্তারের পর দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় দাবি করেন, তাঁর বিরুদ্ধে বহুদিন ধরেই একাধিক অভিযোগ ও মামলা বিচারাধীন রয়েছে। তিনি বলেন, সমস্ত অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত এবং আইনের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসা প্রয়োজন।