উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: আবাস যোজনা প্রকল্পের টাকা এবং কাটমানির অর্থ ফেরতের দাবিতে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলি থানার জালাবেড়িয়া-১ নম্বর পঞ্চায়েত এলাকার পালেরচক গ্রামে তৃণমূল কংগ্রেসের এক নেতার বাড়ির সামনে কয়েক শো স্থানীয় বাসিন্দা তীব্র বিক্ষোভে সামিল হলেন। হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা দীর্ঘক্ষণ ধরে নিজেদের ক্ষোভ উগরে দেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান।
আরও পড়ুন:
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভকারীদের মূল অভিযোগ, আবাস যোজনা প্রকল্পের ঘর পাইয়ে দেওয়া এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দেওয়ার নাম করে এলাকার বহু মানুষের কাছ থেকে বেআইনিভাবে টাকা নেওয়া হয়েছিল।
দীর্ঘদিন পেরিয়ে গেলেও সেই টাকা ফেরত পাওয়া যায়নি বলে তারা দাবি করেছেন। এই দুর্নীতির প্রতিবাদেই এদিন তারা জালাবেড়িয়া-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অসীম হালদারের ঘনিষ্ঠ সহযোগী উত্তম গায়েনের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।আরও পড়ুন:
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের এই দীর্ঘস্থায়ী ক্ষোভ এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।