পুবের কলম ওয়েব ডেস্কঃ  লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পের মত বিশ্বকাপে ছন্দে রয়েছেন আর্লিং হালান্ডও। তাঁর জোড়া গোলে ভর করে গ্রুপ - ‘আই’এর ম্যাচে নরওয়ে ৩- ২ গোলে সেনেগালকে হারিয়ে নক-আউট পর্বে জায়গা করে নিল। নরওয়ের বিশ্বকাপ ইতিহাসে হালান্ডই এখন সর্বোচ্চ গোলদাতা (৪টি)। নক আউটে ওঠার পরে মাঠেই ‘ভাইকিং নৌকা’ সেলিব্রেশনে মেতে ওঠেন নরওয়ের ফুটবলাররা। 

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এ দিন আক্রমনাত্মকভাবে শুরু করে নরওয়ে।

একাধিকবার গোলের কাছাকাছি গেলেও কাজের কাজটি করতে পারছিল না তারা। অবশেষে ম্যাচের ৪৩ মিনিটে নরওয়েকে এগিয়ে দেন হোমগ্রিন পেডেরসন। সেনেগালের কালিদুরের একটি ভুল পাস ধরে গোল করেন পেডেরসন। 

দ্বিতীয়ার্ধে শুরু হয় হালান্ড ম্যাজিক। এই পর্বের শুরুতেই অধিনায়ক মার্টিন ওডেগার্ডের পাস থেকে ব্যবধান বাড়ান হালান্ড।

পাঁচ মিনিট পরেই অবশ্য খেলায় ফেরে সেনেগাল। দলের হয়ে ইসমালিয়া সার গোল করে ব্যবধান কমান। ৫৮ মিনিটে ফের জ্বলে ওঠেন হালান্ড। ডান পায়ের জোরালো ভলিতে গোল করেন তিনি। সুযোগ কাজে লাগাতে পারলে তিনি এ দিন হ্যাটট্রিকও করতে পারতেন।
ম্যাঞ্চেস্টার সিটির তারকার একটি শট বারপোস্টে লেগে বেরিয়ে যায়।  সেনেগালের গোলরক্ষক এডুয়ার্ড মেন্ডিও একাধিকবার দলের পতন রোধ করেন। ম্যাচের ইনজুরি টাইমে সার ফের গোল করে সেনেগালকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। তবে ততক্ষনে অনেক দেরী হয়ে গিয়েছে। 

 ম্যাচ শেষ হওয়ার পরে মাঠে হালান্ডরা ‘নৌকা সেলিব্রেশনে’ মেতে ওঠেন। এবং গ্যালারিতে তার সঙ্গে তাল মেলান নরওয়ের সমর্থকেরা।