পুবের কলম ওয়েব ডেস্কঃ লিওনেল মেসির ভক্ত যদিও কেউ বলে ৮ থেকে ৮০, তাহলে সেটা বলা ভুল হবে। কারণ মেসির ভক্ত ১০০ বছরের এক বৃদ্ধা ফের একবার চর্চায় উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ডালাসে আর্জেন্টিনার ম্যাচ ঘিরে এমন এক দৃশ্য গেল যা বিশ্বজুড়ে বেশ তোলপাড় ফেলে দিয়েছে। ম্যাচের কেন্দ্রবিন্দুতে ছিলেন লিওনেল মেসি। তাঁর দুর্দান্ত পারফরম্যান্স, গোল এবং নতুন মাইলফলক নিয়ে যখন আলোচনা তুঙ্গে, তখনই সম্প্রচারকারী সংস্থার ক্যামেরা ঘুরে যায় দর্শকাসনের দিকে। সেখানে দেখা যায় আর্জেন্টিনার নীল-সাদা জার্সি পরা এক শতবর্ষী বৃদ্ধাকে।

তাঁর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমার বয়স ১০০ বছর, আমি মেসির ভক্ত।’

ওই ভক্তের নাম পলিন কানা। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের বাসিন্দা এই বৃদ্ধা সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ। নেটিজেনদের একটা অংশ তাঁকে চেনেন ‘গ্যাংস্টার গ্র্যানি’ হিসেবে। নাতি রস কানার সঙ্গে নানা ধরনের মজার ভিডিও তৈরি করে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।  টিকটকে প্রায় আড়াই কোটি ফলোয়ার আছে।

এছাড়া ইউটিউব, ইনস্টাগ্রামেও প্রচুর ফলোয়ার আছে। তবে মেসির জন্যই জনপ্রিয়তা বেড়েছে পউলিনার।ডালাসের গ্যালারিতে তিনি ছিলেন শুধুই একজন নিবেদিতপ্রাণ ফুটবলপ্রেমী এবং মেসির একনিষ্ঠ সমর্থক।পলিন কানার জীবন যেন এক শতাব্দীর ইতিহাসের সাক্ষী। তিনি এমন এক সময়ে জন্মেছিলেন, যখন আধুনিক প্রযুক্তির অনেক কিছুই মানুষের কল্পনার বাইরে ছিল। বিশ্বযুদ্ধ, অর্থনৈতিক মন্দা, মহাকাশ অভিযান থেকে শুরু করে ডিজিটাল যুগের উত্থান সবকিছুর সাক্ষী থেকেছেন তিনি।
সেই মানুষটিই আজও প্রিয় খেলোয়াড়ের খেলা দেখতে মাঠে হাজির হন একই উৎসাহে।

মেসির প্রতি তাঁর ভালোবাসার কথা আগেও আলোচনায় এসেছে। গত বছর ক্লাব বিশ্বকাপ চলাকালে তিনি মাঠে হাজির হয়েছিলেন একটি মজার প্ল্যাকার্ড নিয়ে, যেখানে লেখা ছিল, ‘মেসি, তুমি কি আমাকে বিয়ে করবে?’ পরে আরেক ম্যাচে তাঁর হাতে দেখা যায় আরেকটি বার্তা-‘আমি তোমাকে ভালোবাসি, বয়স তো শুধু একটি সংখ্যা।’ সম্প্রতি বিশ্বের সবচেয়ে বয়স্ক ‘ক্রাউড সার্ফার’ হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি। প্রায় ১০০ বছর বয়সে একটি সঙ্গীত অনুষ্ঠানে দর্শকদের কাঁধ ও হাতের ওপর ভেসে মঞ্চের দিকে এগিয়ে যাওয়ার ঘটনা তাঁকে এনে দেয় বিশেষ সম্মান।