পুবের কলম ওয়েব ডেস্কঃ কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে রুখে দিয়ে রাতারাতি সংবাদের শিরোনামে উঠে এসেছিল সউদি আরব। অথচ এবারের বিশ্বকাপে তারা সেই আগের পারফরম্যান্সের ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে। গ্রুপের তিন ম্যাচের দুটিতে ড্র এবং একটিতে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। চলতি বিশ্বকাপে টিম সউদির হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ তাদের সমর্থকরা।
বিশ্বকাপে দলের এহেন ব্যর্থতায় সউদি আরব ফুটবল ফেডারেশনের (এসএএফএফ) সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন ইয়াসের আল-মিসেহাল।আরও পড়ুন:
মূলত, তিনি বিশ্বকাপে দলের খারাপ পারফম্যান্সের দায় নিজের ওপর নিয়েই পদ থেকে সরে দাঁড়ালেন। আর তাতেই সউদির ফুটবলের শীর্ষ প্রশাসনে প্রায় সাত বছরের অধ্যায়ের ইতি ঘটল আল-মিসেহালের। এক বিবৃতিতে আল-মিসেহাল বলেন, ‘বিশ্বকাপে জাতীয় দলের ফলাফল সউদি ফুটবল এবং দেশের সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
এই ব্যর্থতার সম্পূর্ণ দায় আমি নিজের কাঁধে নিচ্ছি। সউদি আরব দলের বিশ্বকাপ অভিযান আমাদের লক্ষ্য ও সমর্থকদের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়নি। এই ব্যর্থতার পূর্ণ দায়িত্ব আমি গ্রহণ করছি। সউদি ফুটবলের নতুন যাত্রার জন্য আমি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও জানান, ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নতুন পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য শীঘ্রই মনোনয়ন প্রক্রিয়া শুরু হবে। বিদায়ী বার্তায় তিনি সউদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ, যুবরাজ মুহাম্মদ বিন সালমান, ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সাল এবং ফেডারেশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।