পুবের কলম ওয়েব ডেস্ক: অর্থনীতির ভোল বদলাতে এবং তেল-নির্ভরতা কমাতে 'ভিশন ২০৩০' কর্মপরিকল্পনার উপর জোর দিচ্ছে সৌদি আরব। এই পরিকল্পনার অন্যতম প্রধান ভিত্তি হল দেশের পর্যটন খাতের সম্প্রসারণ। সেই লক্ষ্য পূরণে বিদেশি পর্যটকদের সৌদি ভ্রমণকে আরও সহজ ও বাধামুক্ত করতে এবার পরীক্ষামূলকভাবে 'প্যাকেজ ভিসা' চালু করল মধ্যপ্রাচ্যের এই দেশ।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) উল্লেখ করে গালফ নিউজ জানিয়েছে, এই নতুন ব্যবস্থার মাধ্যমে পর্যটকরা একটিমাত্র প্যাকেজেই যাবতীয় অত্যাবশ্যকীয় ভ্রমণ পরিষেবা পেয়ে যাবেন।

এই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত থাকছে ই-ভিসার আবেদন, যাওয়া-আসার বিমানভাড়া এবং সরকার লাইসেন্সপ্রাপ্ত হোটেল বা বাসস্থানের ব্যবস্থা। এখানেই শেষ নয়, দর্শনার্থীরা চাইলে এই প্যাকেজের রুটিনে বিভিন্ন বিনোদনমূলক ইভেন্ট এবং দর্শনীয় স্থান ঘোরার সূচিও নিজেদের সুবিধামতো যুক্ত করতে পারবেন। এর ফলে পর্যটকদের আলাদা করে ভিসা, টিকিট বা হোটেল বুকিংয়ের ঝক্কি পোহাতে হবে না।
প্রাথমিকভাবে কয়েকটি নির্দিষ্ট দেশের নির্বাচিত কিছু ট্রাভেল এজেন্সির মাধ্যমে এই পাইলট প্রজেক্টটি বাস্তবায়িত করা হচ্ছে।
তবে সৌদি কর্তৃপক্ষের কড়া নির্দেশ, যে কোনও সংস্থাই এই পরিষেবা দিতে পারবে না। কেবল প্রযুক্তিগতভাবে উন্নত, নিজস্ব শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম থাকা এবং নিরবচ্ছিন্নভাবে ২৪ ঘণ্টা গ্রাহকসেবা প্রদানে সক্ষম পর্যটন সংস্থাগুলোকেই এই প্যাকেজ বিক্রির বিশেষ অনুমতি দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের জন্য সৌদি আরবের পর্যটন, স্বরাষ্ট্র এবং বিদেশ মন্ত্রকের পাশাপাশি সে দেশের বীমা কর্তৃপক্ষও যৌথভাবে কাজ করছে।
এই নয়া উদ্যোগ প্রসঙ্গে সৌদি আরবের পর্যটন মন্ত্রী আহমেদ আল-খতিব জানিয়েছেন, বিদেশি দর্শনার্থীদের সৌদি ভ্রমণ আরও সহজ, স্মার্ট ও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তোলাই তাঁদের মূল লক্ষ্য। এই 'প্যাকেজ ভিসা' ব্যবস্থার ফলে দেশের পর্যটন ব্যবস্থা আরও গতিশীল হবে এবং পর্যটকদের জন্য গোটা ভ্রমণ প্রক্রিয়াটি সম্পূর্ণ বাধাহীন ও মসৃণ হয়ে উঠবে বলে তিনি আশাপ্রকাশ করেছেন।