বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও হত্যাকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারের ঘটনাকে সমর্থন জানিয়ে কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবার তিনি বলেন, অপরাধীদের কোনওভাবেই রেহাই দেওয়া হবে না।
শমীকের বক্তব্য, “কোনও অপরাধী বা ধর্ষককে ছেড়ে রাখা যাবে না। ভোটের আগে আমরা রাজ্যের মহিলাদের কাছে ‘ভয় আউট, ভরসা ইন’-এর প্রতিশ্রুতি দিয়েছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও একই বার্তা দিয়েছিলেন।

আমাদের সংকল্পপত্রে যা বলা হয়েছিল, আমরা সেই অনুযায়ী কাজ করছি।”
এনকাউন্টারের সমর্থনে তিনি আরও বলেন, “সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে। রাজনৈতিক আশ্রয়ে আর কোনও অপরাধী রক্ষা পাবে না। অপরাধীর জায়গা হয় জেলের ভেতরে, না হলে আকাশের ওপরে।”
কামদুনি-কাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি পূর্ববর্তী তৃণমূল সরকারকে আক্রমণ করে বলেন, “কামদুনির ঘটনায় বিচার হয়নি।
অতীতে অপরাধ চাপা দেওয়া হতো এবং অপরাধীদের আড়াল করা হতো। এখন আইন মেনে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। যারা ধর্ষণ ও খুন করেছে, তাদের পাতাল থেকেও খুঁজে বের করা হবে।” একই সঙ্গে তিনি কামদুনি-কাণ্ডের মামলার নথি পুনরায় খোলার আবেদন মুখ্যমন্ত্রীর কাছে জানাবেন বলেও জানান।
অন্যদিকে, রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও বলেন, অপরাধ করে কেউ পার পাবে না।
বারুইপুরের ঘটনায় এনকাউন্টার প্রসঙ্গে তিনি বলেন, “যাঁরা ভাবছেন অপরাধ করে বেঁচে যাবেন, তাঁদের জন্য স্পষ্ট বার্তা— কাউকে রেহাই দেওয়া হবে না।”
তিনি দাবি করেন, অভিযুক্তকে ঘটনাস্থল পুনর্গঠনের সময় নিয়ে যাওয়া হয়েছিল। সেই সময় পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এনকাউন্টারের বিরোধিতাকারীদের উদ্দেশে তাঁর প্রশ্ন, “তাঁরা কি তা হলে ধর্ষণের ঘটনাকে সমর্থন করছেন?”
এদিকে, রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বারুইপুরের এনকাউন্টারকে ‘দৈববিচার’ বলে মন্তব্য করেছেন।