পুবের কলম, ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশের পর এবার প্রবল প্রাকৃতিক দুর্যোগের কবলে পার্বত্য রাজ্য উত্তরাখণ্ড। মঙ্গলবার রাজ্যজুড়ে মাঝারি থেকে অতিভারী বৃষ্টিপাতের জেরে পাহাড়ি অঞ্চলগুলিতে ব্যাপক ধস নেমেছে। পাহাড় থেকে হুড়মুড় করে নেমে আসা পাথর ও ধ্বংসস্তূপের কারণে রাজ্যের অন্তত ৩২টি গুরুত্বপূর্ণ রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েছে। ফলে ব্যাহত হচ্ছে যান চলাচল, সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ ও পর্যটকরা।
রাজ্য জরুরি তৎপরতা কেন্দ্র জানিয়েছে, ধসের কারণে বন্ধ হয়ে যাওয়া রাস্তাগুলি যুদ্ধকালীন তৎপরতায় পরিষ্কার করে পুনরায় সচল করার কাজ শুরু করেছে প্রশাসন। তবে অনবরত বৃষ্টি এই উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছে।আরও পড়ুন:
দেরাদুন আবহাওয়া কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাজ্যের পন্তনগরে সর্বোচ্চ ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া চোরগলিয়ায় ৭৯.৫ মিমি, রুদ্রপুরে ৪৩.৫ মিমি, যমকেশ্বরে ৩৮ মিমি, কিচ্ছায় ৩২.৫ মিমি এবং খানপুরে ২৭ মিমি বৃষ্টি হয়েছে।
রাজধানী দেরাদুন এবং লাকসারে ১৯ মিমি করে বৃষ্টিপাত নথিভুক্ত করা হয়েছে। একটানা এই বৃষ্টির ফলে পাহাড়ি নদীগুলির জলস্তর দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা তৈরি হয়েছে।আরও পড়ুন:
এদিকে এখনই এই দুর্যোগ থেকে মুক্তি পাচ্ছে না দেবভূমি। আবহাওয়া দফতর বুধবারের জন্য রাজ্যের অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। একই সাথে দেরাদুন, হরিদ্বার, পৌরি, উধম সিং নগর, নৈনিতাল, উত্তরকাশি, রুদ্রপ্রয়াগ, পিথোরাগড় এবং বাগেশ্বর—এই ৯টি জেলার বেশ কিছু বিচ্ছিন্ন এলাকায় অতিভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া খারাপ থাকার কারণে স্থানীয় বাসিন্দা এবং পাহাড়ি রাস্তায় যাতায়াতকারী চালকদের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর।