পুবের কলম, ওয়েবডেস্ক: প্রাকৃতিক বিপর্যয়ের জেরে ফের একবার বিচ্ছিন্ন হয়ে পড়ল কাশ্মীর উপত্যকা। প্রবল ধস নেমে সোমবার ভোররাত থেকে বন্ধ হয়ে গিয়েছে জম্মু-শ্রীনগর ৪৪ নম্বর জাতীয় সড়ক। এর ফলে রাস্তার দুই প্রান্তে আটকে পড়েছে শত শত যানবাহন।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোর তিনটে নাগাদ জাতীয় সড়কের একটি অংশে বিশাল ধস নামে।
৪৪ নম্বর জাতীয় সড়কটি কাশ্মীর উপত্যকার সঙ্গে দেশের বাকি অংশের সংযোগকারী একমাত্র প্রধান সড়ক। এই রাস্তা বন্ধ হয়ে যাওয়ায়, প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক ও পর্যটকদের গাড়ি মাঝপথেই আটকে পড়েছে। জম্মু ও শ্রীনগর—উভয় দিক থেকেই যানবাহন চলাচল আপাতত স্থগিত রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন থেকে পর্যটকদের এবং সাধারণ যাত্রীদের পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত যাত্রা শুরু না করার অনুরোধ জানানো হয়েছে।
যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। তবে আবহাওয়া ও ধসের ব্যাপকতা বিচার করে কখন পুনরায় যান চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।