পুবের কলম, ওয়েবডেস্ক: দেশজুড়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হতেই উত্তর, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে শুরু হয়েছে প্রকৃতির তাণ্ডব। প্রবল বর্ষণ, আকস্মিক বন্যা এবং একের পর এক ভূমিধসের জেরে গত রবিবার দেশের বিভিন্ন প্রান্তে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী আরও ৬-৭ দিন উত্তর, পূর্ব ও উত্তর-পূর্ব ভারতে এই অতি সক্রিয় বর্ষার পরিস্থিতি বজায় থাকবে। অন্যদিকে, দক্ষিণ ও পশ্চিম-মধ্য ভারতে আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের পরিমাণ কম থাকবে।

চলতি দুর্যোগে সবচেয়ে বড় বিপর্যয় নেমে এসেছে জম্মু-কাশ্মীরে। ভারত-পাক সীমান্তবর্তী জোড়া জেলা পুঞ্চ এবং রাজৌরিতে প্রবল বর্ষণের জেরে ভয়াবহ হড়পা বান ও ধস নেমেছে। এই দুই জেলাতেই অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ এখনও নিখোঁজ। প্রশাসন সূত্রে জানা গেছে, পুঞ্চ জেলার সুরানকোট তহশিল এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি, অধিকাংশ মৃত্যুর ঘটনা এখানেই ঘটেছে। প্রতিকূল আবহাওয়া এবং রাস্তাঘাট ভেঙে যাওয়ার মধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা।

পাহাড়ি রাজ্য উত্তরাখণ্ডেও পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। হরিদ্বার জেলায় প্রবল বর্ষণের মধ্যে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। লাগাতার বৃষ্টির জেরে রাজ্যের পার্বত্য অঞ্চলগুলিতে ধস নামায় যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত। উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ডেও থাবা বসিয়েছে বন্যা। রাজ্যের মন জেলায় আকস্মিক হড়পা বানে ভেসে গিয়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। ঢলের তোড়ে বেশ কিছু ঘরবাড়ি ধুয়ে-মুছে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে বেশ কিছু মানুষ আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। রাস্তাঘাট বন্ধ থাকায় দুর্গম এলাকাগুলিতে উদ্ধারকার্য পৌঁছাতে বেগ পেতে হচ্ছে প্রশাসনকে।