উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: সুন্দরবনকে রক্ষা করতে ম্যানগ্রোভ বনায়নের উপর জোর দিল রাজ্য সরকার। শনিবার অরণ্য সপ্তাহ উপলক্ষে সুন্দরবনের ক্যানিং ব্লকের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি-কৃপাখালি এলাকায় প্রায় ১,৬০০ একর জমি পরিদর্শন করে আগামী নভেম্বরের মধ্যে সেখানে নতুন করে ম্যানগ্রোভ রোপণের ঘোষণা করেন রাজ্যের বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও।
আরও পড়ুন:
মন্ত্রী জানান, বিগত কয়েক বছরে ওই এলাকায় ম্যানগ্রোভ বন কেটে মাছের ভেড়ি (ফিশারি), কটেজসহ বিভিন্ন নির্মাণ করা হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর সেই জমি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিকল্পনা অনুযায়ী, ভেড়িগুলির জল বের করে নভেম্বরের মধ্যেই সেখানে ম্যানগ্রোভ রোপণ করা হবে। ভবিষ্যতে যাতে ওই এলাকায় আর কোনওভাবে মাছের ভেড়ি তৈরি করা না যায়, সে বিষয়েও কড়া নজরদারি করা হবে বলে তিনি জানান।আরও পড়ুন:
বনমন্ত্রী আরও বলেন, জমি পুনরুদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসনকে জানানো হবে। সুন্দরবনের প্রাকৃতিক সুরক্ষা বজায় রাখতে এবং উপকূলীয় পরিবেশ রক্ষায় ম্যানগ্রোভের বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন:
এর আগে বনমন্ত্রী ঝড়খালির হেড়োভাঙা বিদ্যাসাগর হাইস্কুলে অরণ্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। সেখানে পরিবেশ সংরক্ষণ ও বিশ্ব উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় ‘মায়ের নামে একটি গাছ রোপণ করুন’ কর্মসূচির বার্তা তুলে ধরে সকলকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
আরও পড়ুন:
বন দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সজনেখালিতে অবস্থান করবেন বনমন্ত্রী। রবিবার তিনি সুন্দরবনের আরও কয়েকটি এলাকা পরিদর্শন করে বন সংরক্ষণ ও পুনরুদ্ধার সংক্রান্ত কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন।