পুবের কলম ওয়েব ডেস্ক: ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে আজ এক যুগান্তকারী দিন। প্রথমবারের জন্য কোনও বেসরকারি সংস্থার তৈরি রকেট পাড়ি দিল মহাকাশে। শনিবার সকালে স্কাইরুট অ্যারোস্পেসের তৈরি 'বিক্রম-১' রকেটের এই ঐতিহাসিক কক্ষপথীয় উৎক্ষেপণ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

তিনি জানিয়েছেন, আজ বেলা সাড়ে ১১টায় এই রকেটের উৎক্ষেপণ সম্পন্ন হয়, যা ভারতের মহাকাশ যাত্রায় এক নতুন দিগন্তের সূচনা করবে। এই মিশনকে দেশের যুবসমাজের অদম্য মেধা, দৃঢ় সংকল্প এবং উদ্যোগী মানসিকতার এক চূড়ান্ত প্রতিফলন বলে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী।

স্কাইরুট অ্যারোস্পেস টিমকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি গোটা দেশবাসীকেও এই ঐতিহাসিক মুহূর্তের সাফল্য কামনায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।

এই মিশন সফল হলে মহাকাশ বিজ্ঞানের দুনিয়ায় এক সম্পূর্ণ নতুন অধ্যায়ের সূচনা করবে ভারত। এতদিন পর্যন্ত দেশের যাবতীয় মহাকাশ অভিযানের সম্পূর্ণ দায়িত্বভার ছিল কেবল সরকারি সংস্থা ইসরোর কাঁধে। কিন্তু বিক্রম-১-এর সফল উৎক্ষেপণের মধ্যে দিয়ে সেই প্রথাগত ধারায় এক বড়সড় পরিবর্তন আসতে চলেছে। প্রথমবারের জন্য ভারতের মাটি থেকে কোনও বেসরকারি সংস্থার তৈরি উপগ্রহ মহাকাশ পাড়ি দেবে। তবে এই যুগান্তকারী মিশনে নেতৃত্ব বেসরকারি সংস্থার হাতে থাকলেও, নেপথ্যে থেকে বিভিন্ন ধাপে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করেছে দেশের শীর্ষ মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।