আন্তর্জাতিক শিক্ষার্থী, এক্সচেঞ্জ প্রোগ্রামের অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নতুন এই সিদ্ধান্তে কয়েক দশক ধরে চালু থাকা ‘ডিউরেশন অব স্ট্যাটাস’ ব্যবস্থার অবসান ঘটতে চলেছে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি নতুন এই নীতিমালা প্রকাশ করে। নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থী ও এক্সচেঞ্জ ভিজিটররা সাধারণত সর্বোচ্চ চার বছরের জন্য ভিসা পাবেন। তবে কিছু নির্দিষ্ট দেশের আবেদনকারীদের ক্ষেত্রে এই মেয়াদ আরও কম হতে পারে।

বিদেশি সাংবাদিকদের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। নতুন নিয়মে তারা একবারে সর্বোচ্চ ২৪০ দিন যুক্তরাষ্ট্রে থাকতে পারবেন। আর চীনা নাগরিকদের জন্য এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে মাত্র ৯০ দিন। নির্ধারিত সময়ের বেশি থাকতে চাইলে নতুন করে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে, অন্যথায় যুক্তরাষ্ট্র ছাড়তে হবে।

ডিএইচএসের দাবি, সাম্প্রতিক বছরগুলোতে স্টুডেন্ট ভিসায় রেকর্ড সংখ্যক বিদেশি নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করায় তাদের কার্যকরভাবে তদারকি করা কঠিন হয়ে পড়েছে।

জাতীয় নিরাপত্তা জোরদার করতেই এই পরিবর্তন আনা হয়েছে। তবে নতুন বিধি কার্যকর হবে ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর এবং এর আগে এটি কংগ্রেসের পর্যালোচনার মধ্য দিয়ে যাবে।

অন্যদিকে, ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন অভিবাসন বিশেষজ্ঞ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। তাদের মতে, নতুন নিয়মে বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, গবেষণা ও শিক্ষাদান আরও ব্যয়বহুল ও জটিল হয়ে উঠবে। পাশাপাশি বৈশ্বিক মেধাবীদের কাছে যুক্তরাষ্ট্রের আকর্ষণও কমে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।