সেখ কুতুবউদ্দিন ও সন্দীপ সাহা: এয়ারপোর্টের প্রাচীরের পাশে থাকা ১৩৬ বছরের ঐতিহ্যবাহী বাঁকড়া মসজিদে হঠাৎ নামাজ বন্ধের কারণে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাচ্ছে বাঁকড়া মসজিদ কমিটি। বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়ে দেন মসজিদ কমিটির কর্মকর্তারা।

এদিনের সাংবাদিক সম্মেলনে এয়ারপোর্ট মসজিদ কমিটির সভাপতি এবং  রাজ্যের প্রাক্তন মন্ত্রী, জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি এদিন বাঁকড়া মসজিদ কমিটির কর্মসূচী পেশ করেন। মসজিদ কমিটির কর্মসূচী অনুসারে, শুক্রবার জুম্মার দিন বেলা সাড়ে এগাড়োটা নাগাদ এয়ারপোর্ট ৭ নম্বর গেটের সামনে গিয়ে মসজিদের গেট খোলার দাবিতে শান্তিপূর্ণ দুয়া ও প্রতিবাদ কর্মসূচী হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন, এয়ারপোর্ট কর্তৃপক্ষ নামাজ বন্ধ করে দিয়েছে।

এই নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম। কিন্তু কোনও প্রতিক্রিয়া মেলেনি। পাশাপাশি নামায  বন্ধের জন্য এয়ারপোর্টের দুটি থানা লিখিত অভিযোগ জানাতে গিয়েছিলাম। কিন্তু অভিযোগ নেয়নি  থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এদিন উপস্থিত ছিলেন বাঁকড়া মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুন্সি জামিল আহমেদ, সহ–সম্পাদক সাত্তারউদ্দিন আহমেদ, সদস্য আবুল কালাম, আবদুল আজিম, মুন্সী আবদুল মামুদ, নাজমুস সাদাত, হাজি মনসুর আলি, আবুল হাসান, মুহাম্মদ নাইম প্রমুখ।