পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদিকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সমাজমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় তিনি অভিযোগ করেন, বর্তমান শাসনে দেশে শান্তিপূর্ণ প্রতিবাদকেই সবচেয়ে বড় “অপরাধ” হিসেবে দেখানো হচ্ছে। রাহুল গান্ধী লেখেন, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে এমন এক পথে ঠেলে দেওয়া হচ্ছে, যেখানে ভিন্নমতকে দেশদ্রোহ এবং প্রশ্ন তোলাকে ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। তাঁর দাবি, সাংবিধানিক উপায়ে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুললেই লাঠিচার্জ, মামলা ও গ্রেপ্তার—এগুলো প্রায় অবশ্যম্ভাবী হয়ে উঠেছে।

তিনি একাধিক ঘটনার উল্লেখ করে বলেন, প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সরব হওয়া তরুণরা লাঠির আঘাত পেয়েছে। মহিলা কুস্তিগীররা এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করলে তাঁদের আন্দোলন দমন করা হয়েছে। এক ধর্ষণ-পীড়িতার সমর্থনে শান্তিপূর্ণ প্রতিবাদও সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

রাহুল গান্ধীর কথায়, কৃষকদের আন্দোলনকে দেশবিরোধী বলা হয়েছে, কাঁদানে গ্যাস, জলকামান ও লাঠিচার্জ দিয়ে দমন করা হয়েছে।

পরিবেশ দূষণের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রতিবাদকেও রাজনৈতিক তকমা দেওয়া হয়েছে। আদিবাসীরা জল-জঙ্গল-জমির অধিকারের দাবিতে সরব হলে তাঁদের দিকেও সন্দেহের দৃষ্টি দেওয়া হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি লেখেন, “এটি উত্তর কোরিয়া নয়—এটি ভারত। শান্তিপূর্ণ প্রতিবাদ অপরাধ নয়, এটাই গণতন্ত্রের আত্মা। প্রশ্ন তোলা গণতন্ত্রের দুর্বলতা নয়—এটাই তার শক্তি।”