পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরের বারামুলা জেলার উরি সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। সেনা ক্যাম্পের ভেতরে একটি আকস্মিক ও অসাবধানতাবশত বিস্ফোরণে দু'জন ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উরির কামালকোট এলাকার একটি সেনা ছাউনিতে এই ঘটনা ঘটে। সেনা সূত্রে জানা গেছে, নিহত দুই জওয়ানই পশ্চিম ভারতের রাজ্য মহারাষ্ট্রের বাসিন্দা। তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

তাঁরা হলেন- জওয়ান চবান বিক্রম বালকৃষ্ণ। তিনি মহারাষ্ট্রের ওইরোলির বাসিন্দা। অপরদিকে জওয়ান অর্জুন যাদব রাজিন্দ্র। তিনি মহারাষ্ট্রের শাহপুরের বাসিন্দা।

সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় কামালকোট এলাকার ওই সেনা ক্যাম্পে আচমকাই তীব্র বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা চত্বর। ঘটনার সময় ক্যাম্পে কর্তব্যরত জওয়ান চবান বিক্রম এবং অর্জুন যাদব মারাত্মকভাবে জখম হন। রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর অবিলম্বে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারে করে শ্রীনগরের বাদামিবাগ ক্যান্টনমেন্টের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোমাত্রই চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। অতিরিক্ত রক্তক্ষরণ এবং গুরুতর আঘাতের কারণেই জওয়ানদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। কোনো গোলাবারুদ বা গ্রেনেড নাড়াচাড়া করার সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনা ঘটেছে, নাকি এর পিছনে অন্য কোনো যান্ত্রিক বা প্রযুক্তিগত কারণ রয়েছে—তা খতিয়ে দেখতে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিমধ্যেই একটি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।