পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার সকালে জম্মু-কাশ্মীরের উধমপুর জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ১৫ জন যাত্রী। পাহাড়ি পথ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে গড়িয়ে পড়লে এই বিপর্যয় ঘটে। ঘটনায় আহত আরও ২০ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টা নাগাদ রাম নগর এলাকার কাগোট গ্রামের কাছে একটি বাঁক ঘোরার সময় দুর্ঘটনাটি ঘটে। বাসটি একটি প্রত্যন্ত গ্রাম থেকে উধমপুর শহরের দিকে যাচ্ছিল।

প্রত্যক্ষদর্শীদের মতে, একটি 'ব্লাইন্ড কার্ভ' বা অন্ধ বাঁক পার করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তা থেকে ছিটকে কয়েকশো ফুট নিচে পাহাড়ি খাদে পড়ে যায়।

দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারাই প্রথম উদ্ধারকাজে হাত লাগান। বাসের ধ্বংসস্তূপ থেকে রক্তাক্ত যাত্রীদের বের করে আনতে শুরু করেন তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। ঘটনাস্থল থেকেই ১৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে।

আহত ২০ জনকে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকদের মতে, আহতদের অনেকের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক, ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পর কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং উধমপুরের ডেপুটি কমিশনার মিঙ্গা শেরপার সঙ্গে কথা বলেন। তিনি এক্স-এ জানান , উদ্ধারকাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। মন্ত্রী বলেন, "উধমপুরের ডিসি-র সঙ্গে আমার কথা হয়েছে।

উদ্ধারকাজ অবিলম্বে শুরু করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের সবরকম চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে এবং গুরুতর আহতদের প্রয়োজনে বিমানে করে স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।" মন্ত্রী আরও জানান, তিনি স্থানীয় প্রশাসন এবং উদ্ধারকাজে নিয়োজিত বিজেপি কর্মীদের একটি দলের সঙ্গেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। বর্তমানে দুর্ঘটনাস্থলে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে এবং আহতদের উন্নত চিকিৎসার ওপর জোর দেওয়া হচ্ছে।