পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবিতে দিল্লিতে ন্যাশনাল কনফারেন্সের (NC) প্রস্তাবিত আন্দোলনের আবহেই এবার ৩৭০ ধারা এবং অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন নিয়ে মুখ খুললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা সইফুদ্দিন সোজ। তিনি স্পষ্ট জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরের আসল লড়াই পূর্ণ রাজ্যের মর্যাদার জন্য নয়, বরং হারিয়ে যাওয়া বিশেষ স্বায়ত্তশাসন ও ৩৭০ ধারা পুনরুদ্ধারের জন্য। তিনি বলেন, "ন্যাশনাল কনফারেন্সের উচিত পূর্ণ রাজ্যের মর্যাদা নিয়ে কথা বলা... কিন্তু আমাদের আসল ইস্যু রাজ্যের মর্যাদা নয়।"
আরও পড়ুন:
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রবীণ এই কংগ্রেস নেতা জম্মু ও কাশ্মীরের বর্তমান প্রশাসনিক অবস্থা নিয়ে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে নিশানা করেন। তিনি বলেন, "কোনো শক্তিই চিরস্থায়ীভাবে জম্মু ও কাশ্মীর রাজ্যকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করে রেখে দিতে পারবে না।
এটি একটি অত্যন্ত সাময়িক ব্যবস্থা মাত্র। তাই আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত অভ্যন্তরীণ স্বায়ত্তশাসন এবং জম্মু ও কাশ্মীরের জনগণকে ৩৭০ ধারা ফিরিয়ে আনার জন্য লড়াই চালিয়ে যেতে হবে।"আরও পড়ুন:
সইফুদ্দিন সোজ ভূখণ্ডের তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এক বিশেষ ঐতিহাসিক বার্তা দিয়ে বলেন, "আমাদের তরুণ প্রজন্মকে অবশ্যই মনে রাখতে হবে যে, আমরা একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হওয়া সত্ত্বেও হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারতের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।" কংগ্রেস নেতার কথায়, "আমরা ভারতের সাথে থাকার একেবারে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলাম, কিন্তু তা হতে হবে আমাদের নিজস্ব শর্তে। জম্মু ও কাশ্মীরের সেই অভ্যন্তরীণ স্বায়ত্তশাসনকে অবশ্যই পুনর্বহাল করতে হবে।"