পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে 'সংঘাত নয়, সহযোগিতা'-র যে নীতি নিয়ে এতদিন চলছিলেন, তা থেকে এবার সরে আসার স্পষ্ট ইঙ্গিত দিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্য (Statehood) ফিরিয়ে দেওয়া এবং ৩৭০ ধারার অধীনে বিশেষ সাংবিধানিক মর্যাদা পুনর্বহালের দাবিতে এবার খোদ দেশের রাজধানী দিল্লিতে গিয়ে আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের শাসক দল ন্যাশনাল কনফারেন্স (NC)।
আরও পড়ুন:
দলীয় সূত্রে খবর, সংসদের আসন্ন বাদল অধিবেশনের প্রথম দিনেই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, তাঁর মন্ত্রিসভার সদস্য, বিধায়ক এবং দলের সাংসদেরা যৌথভাবে দিল্লির বুকে এক বিশাল প্রতিবাদ কর্মসূচিতে শামিল হবেন। ২০২৪ সালের অক্টোবর মাসে বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসার পর, বিগত ১৯ মাস ধরে এই রাজনৈতিক ও আদর্শগত ইস্যুতে ওমরের 'নরম মনোভাব' নিয়ে দলের অন্দরেই যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছিল, এই সিদ্ধান্ত তারই ফলশ্রুতি বলে মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুন:
বুধবার সকালে এক নজিরবিহীন কৌশলে দলের সমস্ত বিধায়ক, সাংসদ এবং মন্ত্রীদের নিয়ে শ্রীনগর থেকে ২২ কিলোমিটার দূরে নেটওয়ার্ক-বিহীন প্রত্যন্ত এলাকা ডাচিগাম জাতীয় উদ্যানে পাড়ি দেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
গুপকর রোডে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত কার্যালয়ে পৌঁছানোর পর সবাইকে বাসে তোলা হয়। অধিকাংশ নেতাই জানতেন না তাঁরা কোথায় যাচ্ছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী বাসের পিছনের সিটে বসে সমাজমাধ্যমে সেই ছবি শেয়ার করে একে একটি 'অফ-সাইট' বৈঠক বলে অভিহিত করেন।আরও পড়ুন:
বিগত ১৯ মাসের সরকারের কাজের খতিয়ান নেওয়ার কথা প্রকাশ্যে বলা হলেও, মূল উদ্দেশ্য ছিল দলের ভেতরের ক্ষোভ প্রশমন এবং ভবিষ্যৎ রণকৌশল নির্ধারণ। বৈঠক শেষে ন্যাশনাল কনফারেন্সের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়, "সংসদের বাদল অধিবেশনের প্রথম দিনেই জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যত্ব এবং সাংবিধানিক গ্যারান্টি অবিলম্বে ফিরিয়ে দেওয়ার দাবিতে নতুন দিল্লিতে যৌথ বিক্ষোভ প্রদর্শন করবে জেকেএনসি।"