পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কেরলের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভি ডি সতীশনের নাম ঘোষণা করল কংগ্রেস হাইকম্যান্ড। বৃহস্পতিবার কেরল কংগ্রেসের ভারপ্রাপ্ত নেত্রী দীপা দাশমুন্সি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেন। সদ্য সমাপ্ত কেরল বিধানসভা নির্বাচনে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (UDF) ঐতিহাসিক জয়লাভ করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হলো।
আরও পড়ুন:
কেরল বিধানসভার ১৪০টি আসনের মধ্যে ১০২টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ইউডিএফ জোট।
কংগ্রেস একাই ৬৩টি আসনে জিতে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। এর ফলে জোটের ওপর কংগ্রেসের নিয়ন্ত্রণ আরও মজবুত হয়েছে। অন্যদিকে, ২০২১ সালে টানা দ্বিতীয়বার ক্ষমতায় আসা বাম গণতান্ত্রিক ফ্রন্ট (LDF) এবার মাত্র ৩৫টি আসনে থমকে গিয়েছে।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী পদের দৌড়ে কে সি বেণুগোপাল এবং বর্ষীয়ান নেতা রমেশ চেন্নিথালার মতো হেভিওয়েট নাম থাকলেও, শেষ পর্যন্ত হাইকমান্ড সতীশনের ওপরই আস্থা রেখেছে।
এরনাকুলাম জেলার উত্তর পারভুর কেন্দ্র থেকে জয়ী সতীশন নির্বাচনের প্রচারে ইউডিএফ-এর প্রধান মুখ ছিলেন। বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে তাঁর কৌশলী প্রচারই কংগ্রেস নেতৃত্বাধীন জোটকে এই ব্যাপক জয় এনে দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।আরও পড়ুন:
২০২১ সালে বামেরা টানা দ্বিতীয়বার জিতে যে ইতিহাস গড়েছিল, ২০২৬-এর এই ফলাফল তাকে পুরোপুরি উল্টে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সতীশনের নেতৃত্বে ইউডিএফ-এর সুসংগঠিত প্রচার এবং সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান-বিরোধী হাওয়াকে কাজে লাগানোই এই সাফল্যের চাবিকাঠি।