পুবের কলম ওয়েব ডেস্কঃ কংগ্রেস শাসিত কেরলে চালু হল ইসলাম বান্ধব জিম। সেখানে পুরুষ ও মহিলারা একসঙ্গে শরীর চর্চা করতে পারবেন না। এছাড়া উচ্চস্বরে গানও বাজনে না। কেরলের পালাক্কাদ জেলায় পুথুনাগারামে এই ফিটনেস সেন্টার খোলা হয়েছে। জিম কর্তৃপক্ষ এই সেন্টারকে ইসলাম বান্ধব বলে দাবি করেছে। যদিও জিমে এই ধারণা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। 

জিমের মালিক নওয়াজ মুথু টি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে বলেন, এই জিম সেন্টারে উচ্চস্বরে গান বাজবে না।

পুরুষ ও মহিলাদের জন্য আলাদা ব্যায়ামের সময় ও জায়গা থাকবে। এছাড়াও, আলাদা ট্রেইনার থাকবেন। এই জিম সেন্টারকে ইস্লাব বান্ধব জিম বলে দাবি করেছেন নওয়াজ। তিনি বলেন, "আমরা একটি ইসলাম-বান্ধব জিম চালু করছি। আমার বিশ্বাস এটি কেরালায় এই ধরনের প্রথম হবে। আগ্রহী যে কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে এবং জিম পরিদর্শন করতে পারেন'। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই অনেকে সমালোচনা করেছেন।
পরে তিনি ভিডিও সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলেন। পরে নতুন একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, এই জিম সব ধর্মের মানুষের জন্য উন্মুক্ত এবং এটি শুধুমাত্র মুসলিমদের জন্য একটি জিম হিসেবে তৈরি করা হয়নি।

যদিও ইসলাম বান্ধব বলার পিছনে কিছু যুক্তি দিয়েছেন নওয়াজ। তাঁর কথায়, অনেকেই আছেন যারা পুরুষ ও মহিলা একসঙ্গে শরীর চর্চায় অস্বস্তি বোধ করেন। তাছাড়া, সঙ্গীতেও অস্বস্তি বোধ করেন। তাদের কথা মাথায় রেখেই এই ধারণা চালু করা হয়েছিল। তিনি বলেন, "অনেক মুসলমান ইসলামিক নীতি অনুসারে জীবনযাপন করেন।

তাঁরা গান শোনেন না। তাঁদের জন্য কোনো জিম নেই। জিমে গেলে গান বন্ধ করা সম্ভব নয়। এমন অনেক মহিলা আছেন যাঁরা এই ধরনের পরিবেশে ব্যায়াম করতে অস্বস্তি বোধ করেন। এই মানুষগুলো এখন পর্যন্ত জিমে যাওয়ার সুযোগ পাননি।" নিজের পরিবারের উদাহরণ টেনে বলেন, তাঁর নিজের পরিবারের সদস্যরাও একই কারণে ফিটনেস সেন্টার থেকে দূরে থেকেছেন। তাঁদের কথা ভেবেই এই ধরনের উদ্যোগ নিয়েছিলেন।