পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচনের উত্তাপের মাঝেই উত্তপ্ত হয়ে উঠল কেরালা। শুক্রবার রাতে কেরালার মালাপ্পুরম জেলার ভান্দুরে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয়ে হামলার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। দুষ্কৃতীদের হামলায় সাংসদ অক্ষত থাকলেও তাঁর এক নিরাপত্তারক্ষী গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে মূল অভিযুক্ত-সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
 
সূত্রের খবর, শুক্রবার রাতে সংযুক্ত গণতান্ত্রিক ফ্রন্ট (UDF) প্রার্থী এপি অনিলকুমারের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নিতে চেল্লিথোডুর এলাকা দিয়ে ভান্দুর যাচ্ছিলেন শশী থারুর।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হঠাৎই বাইকে করে আসা একদল দুষ্কৃতী তাঁর গাড়ি ধাওয়া করতে শুরু করে। কিছুদূর যাওয়ার পর দুষ্কৃতীরা কনভয়টিকে ঘিরে ফেলে এবং চূড়ান্ত অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে।
 
পরিস্থিতি হাতের বাইরে চলে যায় যখন দুষ্কৃতীরা সাংসদের গাড়ির উইন্ডস্ক্রিন এবং জানলার কাচে সজোরে আঘাত করতে শুরু করে। থারুরকে বাঁচাতে তাঁর দেহরক্ষী দ্রুত এগিয়ে এলে দুষ্কৃতীরা তাঁর ওপর চড়াও হয়। পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত উম্মারের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।