ওমান উপসাগরে মার্কিন সামরিক হামলায় তিন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। নিহত ভারতীয়দের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফে কোনও শোকবার্তা বা সমবেদনা প্রকাশ না হওয়ায় প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর বক্তব্য, নিজেদের ‘বন্ধু’ ও ‘কৌশলগত অংশীদার’ দাবি করা একটি দেশের এমন আচরণ অত্যন্ত অসংবেদনশীল।
আরও পড়ুন:
চলতি সপ্তাহে ওমান উপসাগরে পরপর তিনটি বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়ে। ৮ জুন পালাউয়ের পতাকাবাহী ‘মারিভেক্স’ জাহাজে প্রথম হামলা চালানো হয়।
ওই জাহাজে থাকা ২৪ জন ভারতীয় নাবিককে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। তবে ১০ জুন ‘সেত্তেবেল্লো’ নামে আরেকটি পালাউ-নিবন্ধিত জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর বিপর্যয় নেমে আসে। জাহাজের ২৮ জন নাবিকের মধ্যে ২৪ জনই ছিলেন ভারতীয়। হামলার জেরে তিন ভারতীয় নাবিক সমুদ্রে নিখোঁজ হয়ে যান এবং পরে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া গিনি-বিসাউয়ের পতাকাবাহী ‘জলবীর’ জাহাজেও হামলা হলেও সেখানে থাকা ২০ জন ভারতীয় নাবিক অক্ষত রয়েছেন।আরও পড়ুন:
এই ঘটনার পর সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দেন শশী থারুর। তিনি লেখেন, নিরীহ ভারতীয়দের মৃত্যুর ঘটনায় মার্কিন সরকারের বিবৃতিতে সামান্য সহমর্মিতার প্রকাশও দেখা যায়নি। একজন বন্ধু ও কৌশলগত সহযোগী হিসেবে আমেরিকার কাছ থেকে এমন উদাসীনতা প্রত্যাশিত নয় বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
শুধু সমবেদনা না জানানোই নয়, হামলার ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেস নেতা। তাঁর মতে, কোনও বাণিজ্যিক জাহাজ নির্দেশ অমান্য করলেই সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানো উচিত নয়।
জাহাজের ইঞ্জিন বা নেভিগেশন ব্যবস্থা নিষ্ক্রিয় করার মতো বিকল্প ব্যবস্থা গ্রহণ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব ছিল। অথচ সেই পথ না বেছে এমন হামলা চালানো হয়েছে, যাতে প্রাণ হারিয়েছেন নিরীহ অসামরিক নাবিকরা।আরও পড়ুন:
ঘটনার পরপরই কেন্দ্রীয় সরকার দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে। পরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন বিদেশসচিব মার্কো রুবিওর সঙ্গে টেলিফোনে কথা বলে বিষয়টি উত্থাপন করেন। পশ্চিম এশিয়ার সামগ্রিক পরিস্থিতি ও আন্তর্জাতিক কূটনীতি নিয়ে আলোচনার পাশাপাশি ওমান উপসাগরে তিন ভারতীয় নাবিকের মৃত্যুর বিষয়টিও গুরুত্বের সঙ্গে তোলা হয়। পরে জয়শঙ্কর স্পষ্ট জানান, বাণিজ্যিক জাহাজের বিরুদ্ধে এমন প্রাণঘাতী সামরিক পদক্ষেপ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।