পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভায় আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা শশী থারুর। বৃহস্পতিবার সংসদে তিনি এই পদক্ষেপের সমালোচনা করে বলেন, নোটবন্দি যেমন দেশের অর্থনীতির ক্ষতি করেছিল, এই তড়িঘড়ি আসন পুনর্বিন্যাস ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর তেমনটাই আঘাত আনবে। তিনি একে ‘রাজনৈতিক নোটবন্দি’ বলে বর্ণনা করে কেন্দ্রকে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানান।
আরও পড়ুন:
মহিলা সংরক্ষণ বিলকে স্বাগত জানালেও, তার বাস্তবায়নের সঙ্গে আসন পুনর্বিন্যাসকে জুড়ে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন থারুর।
তাঁর বক্তব্য, প্রধানমন্ত্রী মহিলা সংরক্ষণকে ‘ন্যায়বিচারের উপহার’ বলছেন, কিন্তু সেই উপহারকে তিনি আসন পুনর্বিন্যাস ও ২০১১ সালের জনশুমারির মতো ‘কাঁটাতারের বেড়া’ দিয়ে ঘিরে রেখেছেন। মহিলা সংরক্ষণ এখনই কার্যকর করা সম্ভব। কিন্তু সরকার মহিলাদের আকাঙ্ক্ষাকে এক জটিল ও বিতর্কিত প্রশাসনিক প্রক্রিয়ার কাছে ‘বন্ধক’ রাখছে। তিনি স্পষ্ট জানান, “মহিলা সংরক্ষণ ফসল কাটার জন্য তৈরি। একে এখনই বর্তমান আসন সংখ্যার ভিত্তিতে কার্যকর করা উচিত।”আরও পড়ুন:
আসন পুনর্বিন্যাস প্রক্রিয়ার ফলে ভারতের রাজ্যগুলোর মধ্যে এক গভীর বিভাজন তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কেরালার এই সাংসদ। তাঁর যুক্তি, কেরল বা তামিলনাড়ুর মতো রাজ্য যারা সফলভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে এবং জাতীয় লক্ষ্য পূরণ করেছে, এই প্রক্রিয়ার ফলে তারা রাজনৈতিক গুরুত্ব হারাবে। উত্তর ভারতের যে রাজ্যগুলো জনসংখ্যা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, আসন সংখ্যা বাড়ার ফলে তারা সংসদে বাড়তি রাজনৈতিক ক্ষমতা পাবে। এটি সফল রাজ্যগুলোর প্রতি অবিচার।