পুবের কলম, ওয়েবডেস্ক: আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিলের বিরোধিতায় এবার নজিরবিহীন প্রতিবাদের পথ বেছে নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন। বৃহস্পতিবার নামাক্কলে জোট প্রার্থীদের হয়ে প্রচারের ফাঁকেই প্রস্তাবিত বিলটির প্রতিলিপি প্রকাশ্যে পুড়িয়ে দেন তিনি। পরনে কালো পোশাক এবং হাতে কালো পতাকা নিয়ে স্ট্যালিন স্পষ্ট করে দিলেন, কেন্দ্রের এই ‘কালা কানুন’ রুখতে তামিলনাড়ু শেষ পর্যন্ত লড়াই করবে।

দিল্লিতে বিলটি পেশ করার দিনেই স্ট্যালিন এই প্রতিবাদে শামিল হন। তাঁর অভিযোগ, ডিলিমিটেশনের মাধ্যমে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর রাজনৈতিক গুরুত্ব কমিয়ে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র চলছে।

তিনি প্রশ্ন তোলেন, “তামিলনাড়ুর মতো রাজ্য যারা সফলভাবে জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে এবং দেশের উন্নয়নে বড় অবদান রাখছে, তাদের কি এখন এই সাফল্যের জন্যই আসন কমিয়ে শাস্তি দেওয়া হবে?” তাঁর মতে, এই বিলটি কেবল তামিলনাড়ুর জন্য নয়, বরং ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর এক বড় আঘাত। এর ফলে উত্তর ভারতের রাজ্যগুলোর আসন বাড়বে এবং দক্ষিণ ভারত কোণঠাসা হয়ে পড়বে।

মুখ্যমন্ত্রী স্ট্যালিন রাজ্যবাসীর কাছে এক আবেগী আবেদন জানিয়েছেন। তিনি প্রতিটি ঘর, রাস্তা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলনের ডাক দেন।

তিনি বলেন, “এটি কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের লড়াই নয়, এটি প্রতিটি তামিলের অধিকার রক্ষার লড়াই।” আজ প্রতিবাদ না করলে ভবিষ্যতে সংসদে তামিলনাড়ুর কণ্ঠস্বর চিরতরে ক্ষীণ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী নিজে বিল পুড়িয়ে ‘তামিলনাড়ু লড়াই করবে’ এবং ‘আমরা জিতবই’—এই স্লোগান তোলেন।

বিল পুড়িয়ে দেওয়ার পর স্ট্যালিন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স'-এ একটি পোস্টে লেখেন, “আজ আমি এই কালো আইনের প্রতিলিপি পুড়িয়ে এবং কালো পতাকা উত্তোলন করে প্রতিবাদের আগুন জ্বালিয়ে দিলাম। এই আগুন গোটা তামিলনাড়ুতে ছড়িয়ে পড়বে এবং বিজেপির অহংকারকে নতজানু করতে বাধ্য করবে।”