পুবের কলম ওয়েব ডেস্কঃ মধ্যপ্রদেশ থেকে কংগ্রেসের রাজ্যসভা প্রার্থী মীনাক্ষী নটরাজনের মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল এনিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তিনি অভিযোগ করেন, এটি বিজেপির একটি নির্লজ্জ প্রচেষ্টা। এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। তিনি এনিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ করে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দেন।
আরও পড়ুন:
এদিন নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কংগ্রেস নেতারা।
সেখানে ভেনুগোপালও ছিলেন। বৈঠকের পর ভেনুগোপাল জানান, মনোনয়ন বাতিলের খবর পাওয়ার মাত্র আধ ঘণ্টার মধ্যেই এবিষয়ে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। কমিশনকে চিঠি দেওয়ার পাশাপাশি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান। ভেনুগোপাল বলেন, মীনাক্ষী নটরাজনের মনোনয়নে কোনও ত্রুটি বা তথ্য গোপনের যে অভিযোগ তোলা হয়েছে তা একেবারেই ভিত্তিহীন। তাঁর কটাক্ষ, কংগ্রেস বিধায়কদের প্রভাবিত করার চেষ্টা ব্যর্থ হবে বুঝতে পেরেই বিজেপি এই পথ বেছে নিয়েছে। ভেনুগোপালের দাবি, এই ঘটনা সংবিধান ও গণতন্ত্রের প্রতি বিজেপির প্রকৃত মনোভাবকে সামনে এনে দিয়েছে। তাঁর কথায়, পদে পদে বিজেপি যেকোনো উপায়ে ভোট চুরিতে বদ্ধপরিকর।আরও পড়ুন:
কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে সশরীরে শুনানির আবেদন জানিয়েছে। কংগ্রেসের বক্তব্য, এটি শুধু একটি প্রার্থীর মনোনয়ন বাতিলের ঘটনা নয়, এই বিষয়টি গণতন্ত্রের হত্যা। ভেনুগোপাল বলেন, এই দেশে যদি গণতন্ত্রের সামান্যতম অংশও অবশিষ্ট থাকে তবে নির্বাচন কমিশনকে অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে। তিনি আরও জানান, কমিশনের সিদ্ধান্তের জন্য কংগ্রেস অপেক্ষা করবে। তবে প্রয়োজন হলে আইনি এবং রাজনৈতিকভাবে লড়াই হবে বলেও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন।
তাঁর কথায়, লড়াই চালাবে। অন্যদিকে, নির্বাচন কমিশনের দাবি, মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় একটি বিচারাধীন মামলার তথ্য উল্লেখ করা হয়নি। অভিযোগ, মীনাক্ষী নটরাজন তেলেঙ্গানার একটি বিচারাধীন মামলার বিবরণ প্রকাশ করেননি। এই বিষয়টি তুলে ধরেই তাঁর প্রার্থীপদ নিয়ে আপত্তি তোলে বিজেপি। তবে কংগ্রেসের পাল্টা দাবি, নটরাজনের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই। ফলে কংগ্রেস এই আপত্তির বিরোধিতা করে বলেছে যে, নটরাজনের বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। তাই বিজেপির উত্থাপিত বিষয়টি প্রকাশ করার কোনো প্রয়োজন তাঁর ছিল না।