পুবের কলম ওয়েব ডেস্ক: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার নয়াদিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণের হাতে নিজের পদত্যাগপত্র তুলে দেন তিনি। এরপরই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে রাজনৈতিক মহলে দলবদলের নতুন জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এবার হয়তো তিনি বিজেপিতে যোগ দিতে চলেছেন।

নিয়ম অনুযায়ী সশরীরে উপস্থিত হয়ে পদত্যাগপত্র জমা দিতে হয়। সেই কারণে বৃহস্পতিবার সকালে উপরাষ্ট্রপতির কাছে গিয়ে তিনি ইস্তফা দেন। যদিও এর আগে ইমেল মারফত তিনি নিজের পদত্যাগের কথা রাজ্যসভার চেয়ারম্যানকে জানিয়েছিলেন। পদত্যাগের পরপরই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে তাঁর এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সম্প্রতি এই ভূপেন্দ্র যাদবের হাত ধরেই তৃণমূলের ২০ জন লোকসভা সাংসদ এনসিপিআই দলে যোগ দিয়েছেন। এছাড়াও তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া তিন রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশচিক বরাইককে বিজেপি পুনরায় রাজ্যসভায় পাঠিয়েছে। তাই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে যে, সুখেন্দুদের মতো কোয়েল মল্লিককেও হয়তো বিজেপির টিকিটে ফের রাজ্যসভায় পাঠানো হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যসভা নির্বাচনের যে প্রার্থীতালিকা প্রকাশ করা হয়েছিল, তাতে রাজীব কুমার, বাবুল সুপ্রিয় এবং মেনকা গুরুস্বামীর পাশাপাশি নাম ছিল কোয়েল মল্লিকেরও।