পুবের কলম ওয়েবডেস্কঃ সোমবার নতুন অধ্যায় শুরু হল সংসদের উচ্চকক্ষের জন্য নির্বাচিত কয়েকজন প্রতিনিধির রাজনৈতিক জীবনে। এদিন রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন পশ্চিমবঙ্গের পাঁচ সাংসদ রাজীব কুমার, মেনকা গুরুস্বামী, কোয়েল মল্লিক, বাবুল সুপ্রিয় এবং রাহুল সিনহা। শপথ গ্রহণের মাধ্যমে উচ্চকক্ষের সাংসদ হিসেবে তাঁদের নতুন রাজনৈতিক দায়িত্ব আনুষ্ঠানিকভাবে শুরু হল। এই পাঁচজনের মধ্যে রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক ও রাহুল সিনহা বাংলাতেই শপথবাক্য পাঠ করেন।
তাঁদের শপথবাক্য পাঠ করান দেশের উপরাষ্ট্রপতি ও রাজ্যসভার চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণন।আরও পড়ুন:
শুধু পশ্চিমবঙ্গ নয়, এদিন দেশের আরও কয়েকটি রাজ্য থেকেও নবনির্বাচিত সাংসদেরা শপথ নেন। পশ্চিমবঙ্গের পাঁচজন ছাড়াও তামিলনাড়ু থেকে ছয়জন, ওড়িশা থেকে তিনজন এবং মহারাষ্ট্র থেকে পাঁচজন—মোট ১৯ জন সদস্য সোমবার শপথ গ্রহণ করেন। উল্লেখযোগ্য বিষয়, পশ্চিমবঙ্গের পাঁচজনই এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে রাজ্যসভায় পৌঁছেছেন।
রাজ্যসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় কয়েকটি নাম বিশেষভাবে চমক তৈরি করেছিল। অভিনেত্রী কোয়েল মল্লিক, সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী, প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমারকে প্রার্থী ঘোষণা করে রাজনৈতিক মহলে আলোচনার সৃষ্টি হয়। অন্যদিকে বিজেপি তাদের তরফে প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে প্রার্থী করে।আরও পড়ুন:
গত ৫ মার্চ তাঁরা মনোনয়ন জমা দেন।
এরপর ৯ মার্চ বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাঁদের জয় নিশ্চিত হয়। সেই প্রক্রিয়া সম্পূর্ণ করে সোমবার সংসদের উচ্চকক্ষে শপথ নিয়ে আনুষ্ঠানিকভাবে সাংসদ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তাঁরা। এদিন শপথ অনুষ্ঠানের সময় সংসদ ভবনে উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়াণ সিং এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজুজু। শপথ গ্রহণ পর্বে সর্বপ্রথম শপথবাক্য পাঠ করেন মহারাষ্ট্র থেকে নির্বাচিত বিজেপি সাংসদ মায়া চিন্তামন ইভান্তে। এরপর হুইলচেয়ারে করে এসে শপথ নেন প্রবীণ নেতা শরদ পাওয়ার। শপথগ্রহণের পর নবনির্বাচিত সাংসদদের অভিনন্দন জানান রাজ্যসভার চেয়ারম্যান রাধাকৃষ্ণন। এদিন থেকেই সংসদের উচ্চকক্ষে তাঁদের কার্যকাল আনুষ্ঠানিকভাবে শুরু হল।