পুবের কলম ওয়েব ডেস্কঃ ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের। তারপরেই সব বিরোধী শক্তিকে একজোট হওয়ার আহবান জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম দলগুলিকেও পাশে থাকার আবেদন জানিয়েছিলেন তিনি। সেই মন্তব্যের পর থেকেই রাজ্যের রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়, তাহলে কি বাংলায় তৃণমূল ও সিপিএমের দূরত্ব কমতে চলেছে? যদিও সেই সম্ভাবনা শুরু থেকেই নাকচ করে দিয়েছিল সিপিএমের রাজ্য নেতৃত্ব।
এবার সেই একই অবস্থান আরও স্পষ্ট করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি।আরও পড়ুন:
তৃণমূলের সঙ্গে ভবিষ্যতে কোনও রাজনৈতিক সমঝোতার সম্ভাবনা আছে কি না, সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট ভাষায় জানান, তৃণমূলের সঙ্গে একসঙ্গে কাজ করার কোনও সুযোগ নেই। তাঁর অভিযোগ, নিজেদের গণতান্ত্রিক দল বলে দাবি করলেও বাস্তবে তৃণমূলের আচরণ সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেন, নির্বাচনের সময় তাঁদের এক কর্মী খুন হয়েছেন। শুধু তাই নয়, বহু জায়গায় সিপিএম কর্মী-সমর্থকদের ভোটের প্রক্রিয়ায় অংশ নিতেও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তাঁর দাবি, রাজ্যের বিভিন্ন এলাকায় তাঁদের দলীয় কার্যালয় দখল হয়েছে এবং রাজনৈতিকভাবে বারবার আক্রমণের মুখে পড়তে হয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূলের সঙ্গে কোনও ধরনের রাজনৈতিক বোঝাপড়ার প্রশ্নই ওঠে না বলেই মন্তব্য করেন তিনি। অন্যদিকে ভোটের ফল প্রকাশের পর থেকেই নির্বাচনী ফল নিয়ে সরব হয়েছে তৃণমূল। দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই ফল প্রকৃত অর্থে মানুষের রায় নয়। বিজেপির বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছে তারা।আরও পড়ুন:
এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন এম এ বেবি। তিনি বলেন, বাংলার রাজনীতিতে ভোটে অনিয়মের অভিযোগ নতুন নয়। অতীতেও নানা সময়ে নির্বাচনকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে, আজ তৃণমূল সেই একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে। তাঁর ইঙ্গিত, যে পদ্ধতির অভিযোগ একসময় অন্যদের বিরুদ্ধে উঠত, এখন তৃণমূল নিজেই সেই অভিযোগ করছে। এম এ বেবির এই মন্তব্যের পর বাংলায় তৃণমূল ও সিপিএমের সম্ভাব্য রাজনৈতিক সমীকরণ নিয়ে চলা জল্পনায় কার্যত ইতি পড়ল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।