উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ঃ ভোট পর্ব মিটে গেলেও ভোট পরবর্তী হিংসা অব্যাহত রাজ্যে। কলকাতার মানিকতলা, বেলেঘাটার পর এবার গড়িয়া। ভরদুপুরে প্রকাশ্য রাস্তায় এক বিজেপি কর্মীর উপর কাটারি নিয়ে চড়াও হলেন স্থানীয় এক তৃণমূল কর্মী।  সেখানে ওই বিজেপি কর্মীকে কাটারি দিয়ে কোপানোর অভিযোগ উঠেছে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন ওই বিজেপি কর্মী। আহতের নাম অনির্বাণ মুখোপাধ্যায়। 

জানা গিয়েছে, কাটারির কোপে তাঁর ডান হাতের আঙুল কাটা গিয়েছে। যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। সেখানে রবিবারও  চিকিৎসাধীন রয়েছেন ওই যুবক।

তবে শনিবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পাটুলি থানার পুলিশ। ধৃতের নাম সুদীপ দাস ওরফে বুড়ো। রবিবার ধৃতকে আদালতে পেশ করা হয়। 

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের সঙ্গে আহত যুবকের পুরানো শত্রুতা রয়েছে। বিধানসভা নির্বাচন চলাকালীন নিজেদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হওয়ায় সেই শত্রুতা আরও প্রকট আকার নেয়।

শনিবার দুপুরে গড়িয়ার মহুয়া সিনেমা হলের উল্টোদিকের গলি দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন অনির্বাণ। সেই সময় পিছন থেকে অতর্কিত ভাবে হামলা চালায় অভিযুক্ত সুদীপ। তার জেরে শরীরের একাধিক জায়গায় গুরুতর আঘাত লাগে। আহত ব্যক্তি আর্তনাদ শুরু করলে এলাকা ছেড়ে চম্পট দেয় অভিযুক্ত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাটুলি থানার পুলিশ। আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে  যাওয়া হয়।ধৃতের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।