পুবের কলম ওয়েব ডেস্কঃ লোকসভা ভোটের পরে সন্দেশখালিতে বিজেপির তিন কর্মী খুনের ঘটনায় এবার সিবিআইয়ের জালে শেখ শাজাহানের ঘনিষ্ঠ সহ ১০ জন। দীর্ঘ তদন্তের পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই ১০ জনকে গ্রেফতার করেছে। 

জানা গিয়েছে, ২০১৯ সালের লোকসভা ভোটের পর সন্দেশখালির ন্যাজাট এলাকায় ভোট পরবর্তী হিংসার জেরে প্রাণ হারান তিন বিজেপি কর্মী। নিহতরা হলেন প্রদীপ মণ্ডল,  সুকান্ত মণ্ডল ও দেবদাস মণ্ডল। অভিযোগ,  তাঁদের প্রথমে গুলি করা হয়,  পরে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ চালিয়ে খুন করা হয়।

স্থানীয়ভাবে পতাকা খোলাকে কেন্দ্র করেই উত্তেজনার সূত্রপাত হয়েছিল বলে অভিযোগ। তদন্তকারীদের দাবি,  দীর্ঘদিন ধরে সংগ্রহ করা তথ্য,  প্রত্যক্ষদর্শীদের বয়ান এবং স্থানীয় সূত্রে পাওয়া একাধিক তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চালাচ্ছে সিবিআই। এছাড়াও, তদন্তের স্বার্থে আরও কয়েকজন সিবিআই স্ক্যানারে রয়েছে বলে খবর। 

ঘটনার পর প্রথমে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল তদন্ত শুরু করে।

পরে সেই তদন্তে জমা দেওয়া নথি থেকে শেখ শাহজাহান-সহ বেশ কয়েকজনের নাম বাদ পড়ায় নিহতদের পরিবারের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়। এরপর মৃত তিন বিজেপি কর্মীর পরিবার আদালতের দ্বারস্থ হয় এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। পরবর্তীতে কলকাতা হাই কোর্ট এই মামলায় কেন্দ্রীয় তদন্তের নির্দেশ দেয়। আদালতের নির্দেশের পর তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার একসঙ্গে ১০ জনকে গ্রেফতার করল তারা।