উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: রাজ্যজুড়ে চলমান জনকল্যাণ শিবির চলাকালীন জয়নগর মজিলপুরে এক বিজেপি কর্মীকে ইট ছুড়ে মারার চেষ্টার অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার থেকে সারা রাজ্য জুড়ে তিন দিনের এই বিশেষ কর্মসূচি শুরু হয়েছে। বিভিন্ন ব্লকের পাশাপাশি জয়নগর মজিলপুর পৌরসভার আমন্ত্রণ কমপ্লেক্স এবং জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনেও জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হচ্ছে।
আরও পড়ুন:
শিবির চলাকালীন মঙ্গলবার বিকেলে আমন্ত্রণ কমপ্লেক্সের বাইরে মহিলাদের লাইনে হঠাৎ করেই উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ উঠেছে যে, লাইনে দাঁড়িয়ে থাকা জয়নগর মজিলপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মতিলাল পাড়ার বাসিন্দা তনুশ্রী চক্রবর্তী মুখার্জি নামে এক মহিলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শুভেন্দু অধিকারীর নামে অত্যন্ত কুরুচিকর ভাষায় আক্রমণ করেন।
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে ওই মহিলার ছবি মোবাইলে তুলতে গেলে শোভন মতিলাল নামের এক বিজেপি কর্মীর ওপর চড়াও হন তিনি। অভিযোগ, ওই বিজেপি কর্মীকে ইট দিয়ে আঘাত করে মেরে ফেলার চেষ্টা করেন ওই মহিলা, যা নিয়ে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।আরও পড়ুন:
ঘটনার খবর পেয়ে দ্রুত জয়নগর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত বিজেপি কর্মী শোভন মতিলালের চিকিৎসার ব্যবস্থা করা হয় এবং থানায় ওই মহিলার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহ-সভাপতি প্রিয়াঙ্কা চ্যাটার্জী মঙ্গলবার রাতে বলেন, সরকারি পরিষেবা নিতে এসে প্রধানমন্ত্রী ও বিরোধী দলনেতার নামে এ ধরনের কুরুচিকর মন্তব্য করা কোনোভাবেই কাম্য নয়।
আমাদের এক কর্মী প্রতিবাদ করায় তাকে ইট মেরে মাথা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা এই ঘটনার যথাযথ শাস্তি দাবি করছি।আরও পড়ুন:
এদিকে, বিজেপি কর্মীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে জয়নগর থানার পুলিশ মঙ্গলবার জয়নগর থানার নিকটবর্তী এলাকা থেকে অভিযুক্ত তনুশ্রী চক্রবর্তী মুখার্জিকে গ্রেপ্তার করে। ধৃত মহিলার বাড়ি জয়নগর মজিলপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মতিলাল পাড়ায়। বুধবার তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। জনকল্যাণ শিবির কে কেন্দ্র করে এমন অনভিপ্রেত ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।