পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যব্যাপী চলছে জনকল্যাণ শিবির। তাতে ব্যপক সাড়া মিলছে। লম্বা লাইন পড়ছে মানুষের। রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের আবেদনের সুবিধা মিলছে এখানে। এই জনকল্যাণ শিবির ঘিরে মানুষের মধ্যে যে উৎসাহ দেখা যাচ্ছে তাতে জনসাধারণের সুবিধার্থে এবার এর সময়সীমা বাড়াল রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই একথা ঘোষণা করেছেন। 

সোমবার থেকে শুরু হওয়া তিনদিনের এই জনকল্যাণ শিবিরের শেষ দিন ছিল আজ বুধবার। তবে শিবিরগুলিতে উপচে পড়া ভিড় দেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত চলবে জনকল্যাণ শিবির। অর্থাৎ নির্ধারিত সময়ের থেকে আরও একদিন বাড়ানো হল জনকল্যাণ শিবিরের সময়সীমা। মুখ্যমন্ত্রী হিসেবে ফলতায় জনকল্যাণ শিবির পরিদর্শনে গিয়ে তিনি কথা ঘোষণা করেছেন।

 

উল্লেখ্যে, এই জনকল্যাণ শিবিরে ৫৪ টি প্রকল্পে আবেদন করার সুযোগ মিলছে। যার মধ্যে রয়েছে- আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা ও সূর্য ঘর যোজনার মতো প্রকল্প। মুখ্যমন্ত্রী এদিন বলেন, "সরকার পরিষেবা প্রদানে বদ্ধপরিকর, তাই আপনারা আবেদন করুন এবং বিন্দুমাত্র বিচলিত হবেন না, প্রকৃত প্রাপকরাই সরকারি সাহায্য পাবেন।" তিনি আরও জানান, এতো অল্প সময়ে রাজ্যের প্রান্তিক এলাকাগুলোতে শিবিরের কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি, তাই লম্বা লাইন সামলাতেই এই সিদ্ধান্ত। তিনি আরও বলেন, জন সাধারণের কথা মাথায় রেখেই আগামিকাল পর্যন্ত এই জনকল্যাণ শিবির চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এর পাশাপাশি তিনি বিচিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা ও গুরুত্বের কথা তুলে ধরেন। 

বলে রাখা ভালো, রাজ্যজুড়ে বর্তমানে প্রায় ১১০০টি জনকল্যাণ শিবির পরিচালিত হচ্ছে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই শিবির চলছে। একইসঙ্গে অন্নপূর্ণা ভান্ডার নিয়েও এদিন বেশ সংশয় দূর করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যাদের সন্তানরা সরকারি বা সরকার পোষিত স্কুলে পড়াশোনা করে, কেবল তারাই অন্নপূর্ণা ভাণ্ডারের অনুদান পাবেন। বেসরকারি স্কুলের ক্ষেত্রে যদি সরকারের বিশেষ অনুমোদন থাকে, তবেই মিলবে ৩ হাজার টাকা, অন্যথায় নয়। তাঁর কথায়, যাতে প্রকৃত যোগ্যরা এই সুবিধা পান তার জন্য এই সিদ্ধান্ত।