পুবের কলম ওয়েব ডেস্কঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে সাড়া দিয়ে কলকাতা পুরসভায় পৌঁছলেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল কাউন্সিলর কাজরী বন্দ্যোপাধ্যায়। এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন তৃণমূলের অন্যান্য কাউন্সিলররাও, যাদের মধ্যে অনন্যা বন্দ্যোপাধ্যায়, অসীম বসু এবং জুঁই বিশ্বাসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। স্বচ্ছতা প্রকল্প নিয়ে রাজ্যজুড়ে মহাপরিকল্পনা হাতে নিয়েছে নতুন সরকার, আর এই কর্মসূচির অংশ হিসেবেই আজ থেকে কলকাতা পুরসভা এলাকা জুড়ে বিশেষ সাফাই অভিযান শুরু হচ্ছে।

এই বিশেষ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করতে সোমবার পুরসভার সদর দপ্তরে সশরীরে উপস্থিত রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কলকাতা পুরসভা আয়োজিত এই অনুষ্ঠানে মোট ১৪৪ জন কাউন্সিলরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যার মধ্যে সিংহভাগ কাউন্সিলরই এদিন অনুষ্ঠানে যোগ দিয়েছেন। মুখ্যমন্ত্রী সভাস্থলে পৌঁছাতেই তৃণমূল কাউন্সিলররা তাঁর সঙ্গে সৌজন্য বিনিময় করেন। তবে এদিনের অনুষ্ঠানে ফিরহাদ হাকিমের পাশাপাশি মঞ্চে তৃণমূলের বিদ্রোহী সাংসদ মালা রায়ের উপস্থিতি রাজনৈতিক মহলে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

অনুষ্ঠানে যোগ দিয়ে কাজরী বন্দ্যোপাধ্যায় বলেন, কাউন্সিলর হিসেবে যেটুকু সময় মেয়াদ বাকি আছে, সেই সময়টায় যাতে কাজ ভালোভাবে সম্পন্ন হয়, তার জন্যই আমাদের ডাকা হয়েছে।

মুখ্যমন্ত্রী বিরোধী দলের সদস্যদেরও আমন্ত্রণ জানিয়েছেন, যা সত্যিই প্রশংসনীয়। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তকারী সংস্থার ঘনঘন তলব নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি।

গত ৪ মে রাজ্যে ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের পর তৃণমূলকে সরিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। এর পরেই কলকাতা পুরসভাতেও ক্ষমতাচ্যুত হয় ঘাসফুল শিবির। সম্প্রতি কলকাতা পুরসভা থেকে মেয়রের পদ থেকে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। চলতি বছর ডিসেম্বর মাস পর্যন্ত বর্তমান পুরবোর্ডের মেয়াদ থাকলেও, মেয়রের এই আকস্মিক পদত্যাগের আইনি জটিলতায় গোটা পুরবোর্ডই বাতিল হয়ে গেছে।