পুবের কলম ওয়েব ডেস্ক: আগামী ৬ মাসের মধ্যে কলকাতা পুরসভায় ভোট হবে। আজ সোমবার পুরসভায় স্বচ্ছ অভিযান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট করে জানান, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে কলকাতা পুরসভায় নতুন পুরবোর্ড কার্যকর হবে। এই বিশেষ অনুষ্ঠানে পুরসভার ১৪৪ জন কাউন্সিলরকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির কাউন্সিলরদের পাশাপাশি পুরসভার পদত্যাগী মেয়র ফিরহাদ হাকিম, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাজরী বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের আরও অনেক কাউন্সিলর।
আরও পড়ুন:
এদিন নিজের বক্তব্যে তিলোত্তমার নাগরিকদের উন্নত পরিষেবার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী এবং কেন পুরসভায় প্রশাসক বসাতে হয়েছিল, তার কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, আগে যারা ক্ষমতায় ছিল, নিয়ম অনুযায়ী তাদের পুরবোর্ড গঠনের জন্য তিন দিন সময় দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মেয়র নির্বাচন করতে ব্যর্থ হয়, যে কারণেই পুরসভায় প্রশাসক নিয়োগ করা হয়েছে। শুভেন্দুর মতে, কলকাতা কেবল এ রাজ্যের মানুষের কাছেই নয়, বরং বাংলাদেশ, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশ এবং ভারতের নানা প্রান্তের মানুষের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রচুর সরকারি অফিস রয়েছে এবং নাগরিকদের নিরবচ্ছিন্ন পরিষেবা দিতে কলকাতা পুরসভা-কে ২৪ ঘণ্টা সজাগ থাকতে হয়।
আরও পড়ুন:
বিগত বছরগুলোতে বর্ষার সময় জল জমা বা ঘূর্ণিঝড়ের কারণে গাছ ভেঙে পড়ার মতো প্রাকৃতিক দুর্যোগের প্রসঙ্গ টেনে আনেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীর কথায়, নাগরিক পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে কলকাতা পুরসভা-কে ঢেলে সাজানো হয়েছে এবং প্রশাসক বসানো হয়েছে। তিনি জানান, আগামী ৬ মাসের মধ্যে কলকাতা পুরসভা নির্বাচন সম্পন্ন হবে এবং ৭ ডিসেম্বরের মধ্যে নতুন বোর্ড গঠিত হবে।
আরও পড়ুন:
স্বচ্ছ অভিযান নিয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী ১৭ তারিখ গঙ্গাবক্ষে আয়োজিত স্বচ্ছ অভিযানে তিনি নিজে উপস্থিত থাকবেন। পরের দিন ১৮ তারিখে তাঁর নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে সকাল সকাল স্বচ্ছতা কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এরপর ১৯ তারিখ কলকাতা পুরসভার গেট থেকে রাইটার্স বিল্ডিং পর্যন্ত একটি হাফ ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তিনি পুরসভাকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।