পুবের কলম ওয়েব ডেস্ক: আগামী ২১ জুন দেশজুড়ে পালিত হতে চলেছে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস। তবে এবারের যোগ দিবসের মূল আকর্ষণ হতে চলেছে খাস কলকাতা। কারণ, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশেষ দিনটিতে তিলোত্তমায় উপস্থিত থাকছেন। আগামী ২১ তারিখ কলকাতার রেড রোডে আয়োজিত হতে চলা যোগ দিবসের মেগা ইভেন্টে প্রধানমন্ত্রীর সঙ্গে সশরীরে অংশ নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
প্রধানমন্ত্রীর এই হাই-প্রোফাইল সফরকে ঘিরে রাজ্য প্রশাসনে সাজো সাজো রব। আর এই আবহেই আন্তর্জাতিক যোগ দিবস পালন নিয়ে এক কড়া নির্দেশিকা জারি করল রাজ্যের প্রশাসনিক সদর দফতর নবান্ন। রাজ্য সরকারের সেই নির্দেশিকা অনুযায়ী, আগামী ২১ জুন রাজ্যের সমস্ত সরকারি কর্মীকে বাধ্যতামূলকভাবে যোগ দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। প্রশাসনিক নির্দেশ যাতে কোনওভাবেই অমান্য করা না হয়, সে বিষয়েও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে।আরও পড়ুন:
গত ১৪ জুন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের দফতর থেকে এই সংক্রান্ত একটি লিখিত নির্দেশিকা জারি করা হয়েছে। ওই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, শারীরিক ও মানসিক সুস্থতার জন্য জীবনে আন্তর্জাতিক যোগ দিবস পালনের গুরুত্ব অপরিসীম। সেই বিষয়ে জনমানসে সচেতনতা বৃদ্ধি করতেই দেশজুড়ে এই দিনটি পালিত হবে। এই উদ্দেশ্যকে সর্বাঙ্গীণভাবে সফল করতে রাজ্য সরকারের সমস্ত স্তরের কর্মী ও আধিকারিকদের যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।
এই তালিকায় শুধু যে স্থায়ী সরকারি কর্মীরা রয়েছেন এমনটা নয়, পাশাপাশি অস্থায়ী, চুক্তিভিত্তিক, পার্ট-টাইম, দৈনিক মজুরি-ভিত্তিক, আউটসোর্সড এবং সাম্মানিকের বিনিময়ে নিযুক্ত কর্মীদেরও যোগ দিতে বলা হয়েছে।আরও পড়ুন:
নির্দেশিকা অনুযায়ী, রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা বা পিএসইউ, স্বায়ত্তশাসিত সংস্থা এবং স্থানীয় পুর ও পঞ্চায়েত সংস্থাগুলির কর্মীদেরও এই দিন যোগাভ্যাস করতে হবে। আগামী ২১ জুন সকাল সাড়ে ছ’টা থেকে পৌনে আটটা পর্যন্ত এই বিশেষ কর্মসূচি চলবে। যাঁরা মনোনীত হবেন, তাঁরা রেড রোড এবং মিলন মেলা প্রাঙ্গণে উপস্থিত থাকবেন। বাকিদের নিজ নিজ কার্যালয় বা বাসস্থানে থেকেই আন্তর্জাতিক যোগ দিবস কর্মসূচিতে যোগ দিতে হবে। বিভিন্ন দপ্তরের প্রধান, কমিশনার, জেলাশাসক এবং অন্যান্য বিভাগীয় প্রধানদের কড়া নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন নিশ্চিত করেন যাতে সব স্তরের কর্মী এই অনুষ্ঠানে অংশ নেন। এই নির্দেশের অন্যথা বরদাস্ত করা হবে না বলে নবান্নের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।