পুবের কলম, ওয়েবডেস্ক: "বর্তমানে রাজ্য ও দেশের বুকে যেভাবে সাম্প্রদায়িক মেরুকরণ বাড়ছে, তা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। রাজনীতিতে যোগ দিয়ে আমি এই সাম্প্রদায়িকতার বিষ দূর করতে চাই।" এই বার্তা দিয়ে উত্তর প্রদেশ পুলিশ থেকে নিজের ইস্তফাপত্র জমা দিলেন মোরাদাবাদের গভর্নমেন্ট রেলওয়ে পুলিশের হেড কনস্টেবল মুহাম্মদ জামশেদ। তাঁর এই নজিরবিহীন পদত্যাগপত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে গেছে।
আরও পড়ুন:
হেড কনস্টেবল মুহাম্মদ জামশেদ বর্তমানে মোরাদাবাদ জিআরপিতে কর্মরত থাকলেও, এর আগে তিনি বরেলী জেলার ফতেহগঞ্জ পূর্ব থানায় কর্মরত ছিলেন। সেই কারণে নিয়ম মেনে তিনি বরেলীর সিনিয়র সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ অনুরাগ আর্যর কাছে নিজের লিখিত ইস্তফাপত্রটি পাঠিয়েছেন।
নিজের চিঠিতে জামশেদ স্পষ্ট ভাষায় লিখেছেন, "আজকের দিনে ক্রমবর্ধমান সাম্প্রদায়িকতা মানুষকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। আমি রাজনীতিতে যোগ দিয়ে সাম্প্রদায়িকতা হ্রাস করতে এবং দেশের সেবা করতে চাই।
আরও পড়ুন:
মুহাম্মদ জামশেদের এই চিঠিটি হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ার পর খোদ পুলিশ অফিসার ও কর্মীদের অন্দরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন কর্তব্যরত পুলিশ আধিকারিকের এভাবে খোলাখুলিভাবে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করা এবং চাকরি ছেড়ে সরাসরি নির্বাচনী রাজনীতিতে নামার সিদ্ধান্তকে অনেকেই বেশ ‘সাহসী’ ও নজিরবিহীন পদক্ষেপ বলে মনে করছেন।