গ্রেপ্তারি এড়াতে এ বার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের আদালতে আগাম জামিনের আবেদন জানানোর অনুমতি চান তাঁর আইনজীবী। পাশাপাশি জরুরি ভিত্তিতে মামলার শুনানির আবেদনও করা হয়। বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

গত শনিবার ভোরে পশ্চিম মেদিনীপুরের শালবনি থানার পুলিশ কলকাতার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে তল্লাশি চালায়। পুলিশ সূত্রে জানা যায়, সুমিত রায়ের খোঁজেই ওই তল্লাশি অভিযান চালানো হয়েছিল।

পুলিশের দাবি, সুমিত রায়ের বিরুদ্ধে তোলাবাজি, জমি সংক্রান্ত দুর্নীতি, আর্থিক প্রতারণা এবং টাকার বিনিময়ে নির্বাচনের টিকিট পাইয়ে দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, তাঁর শেষ মোবাইল টাওয়ার লোকেশন কালীঘাট এলাকায় পাওয়া গিয়েছিল।

সেই সূত্র ধরেই তল্লাশি অভিযান চালানো হয়।

সূত্রের খবর, সুমিত রায়কে খুঁজে বের করতে তৎপর তদন্তকারীরা। অন্যদিকে, সম্ভাব্য গ্রেপ্তারি এড়াতে আইনি পথেই এগোতে চাইছেন তিনি। সেই কারণেই আগাম জামিনের জন্য হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বলে মনে করা হচ্ছে।