ভোররাতে কলকাতার কালীঘাটের পটুয়াপাড়ায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালাল শালবনি থানার পুলিশ। পুলিশ সূত্রের দাবি, অভিষেকের ঘনিষ্ঠ সহযোগী সুমিত রায়ের খোঁজে এই অভিযান চালানো হয়। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে সকালে তড়িঘড়ি অভিষেকের বাড়িতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শালবনির এক তৃণমূল নেতার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ, টিকিট পাইয়ে দেওয়ার নাম করে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়।

তদন্তে মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে কালীঘাটের পটুয়াপাড়ার ঠিকানার সন্ধান মেলে। এরপর ডিএসপির নেতৃত্বে শালবনি থানার একটি বড় পুলিশ দল রাত আড়াইটে নাগাদ কলকাতায় এসে কালীঘাট থানায় সাধারণ ডায়েরি করে।

ভোর তিনটে নাগাদ পুলিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয়। অভিযানে মহিলা পুলিশকর্মীরাও ছিলেন। বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। দীর্ঘক্ষণ ডাকাডাকির পরও কোনও সাড়া না মেলায় শেষ পর্যন্ত তালা ভেঙে বাড়ির ভিতরে প্রবেশ করেন তদন্তকারীরা।

প্রায় চার ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর সকাল সাতটার কিছু পরে পুলিশ সেখান থেকে বেরিয়ে যায়। সূত্রের খবর, তদন্তকারী দল এখনও কলকাতাতেই রয়েছে এবং প্রয়োজন হলে সুমিত রায়ের বাড়িতেও তল্লাশি চালানো হতে পারে।

ঘটনার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, পুলিশ তালা ভেঙে বাড়িতে ঢুকে গোটা বাড়ি তল্লাশি করেছে এবং সেই সমস্ত ঘটনার নথি ও রেকর্ড তাঁদের কাছে রয়েছে। তিনি জানান, তদন্তে পূর্ণ সহযোগিতা করা হয়েছে।

তল্লাশির খবর পেয়ে সকালে দ্রুত কালীঘাটে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি বাড়ির ভিতরে গিয়ে অভিষেকের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন।

পরে বাড়ি থেকে বেরিয়ে গেলেও সংবাদমাধ্যমের সামনে এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

উল্লেখ্য, একাধিক মামলায় বর্তমানে চাপের মুখে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভার সই জালিয়াতি মামলায় গত বৃহস্পতিবার ভবানী ভবনে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে তাঁকে জেরা করেছে সিআইডি। ওই মামলায় তাঁকে আগামী রবিবার ফের হাজিরা দিতে বলা হয়েছে। অন্যদিকে, ডিজে মন্তব্য সংক্রান্ত মামলায় আগামী ১৬ জুন সিআইডির সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার আগেই ১৫ জুন ইডি দপ্তরেও হাজিরা দেওয়ার কথা রয়েছে তাঁর। এর মধ্যেই ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগে অভিষেকের বাড়িতে পুলিশের তল্লাশি নতুন করে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দিল।