পুবের কলম ওয়েব ডেস্ক: এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করল না কলকাতা হাই কোর্ট। তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেখানে সব মিলিয়ে প্রায় ৪৪০ কোটি টাকা রয়েছে, তার ওপর ইডির দেওয়া স্থগিতাদেশ আপাতত বহালই থাকছে। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশের আবেদন খারিজ করে দেওয়ায় এই বিপুল পরিমাণ অর্থ ব্যবহারের পথ আপাতত বন্ধই রইল কালীঘাট শিবিরের জন্য।

বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই তৃণমূলের অন্দরে ফাটল ক্রমশ চওড়া হয়েছে।

বহু জয়ী বিধায়ক শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে গিয়ে আলাদা শিবিরে যোগ দিয়েছেন, আবার ২০ জন সাংসদ দল ছেড়ে এনসিপিআই-তে নাম লিখিয়েছেন। দলের প্রতীক এবং তহবিল ব্যবহারের অধিকার নিয়ে যখন অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে, ঠিক তখনই ইডি এই তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করে। দৈনন্দিন দলীয় খরচ চালানোর যুক্তিতে এই অ্যাকাউন্টগুলির টাকা ব্যবহারের অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল মমতাপন্থী তৃণমূল শিবির। কিন্তু সোমবার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, আপাতত ইডির পদক্ষেপে কোনও রকম স্থগিতাদেশ দেওয়া হবে না। অর্থাৎ, তৃণমূলের ওই তিন অ্যাকাউন্ট সম্পূর্ণ 'ফ্রিজ' হয়েই থাকবে।