পুবের কলম, লখনউ: অনলাইন গেমিং প্ল্যাটফর্ম ‘রবলক্স’ এবং এই অন্যান্য ডিজিটাল গেমিংগুলিতে নাবালকদের প্রবেশাধিকার পুরোপুরি নিষিদ্ধ করার আর্জি জানিয়ে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। সেই মামলার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল এলাহাবাদ হাইকোর্ট। আদালত এই বিষয়ে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক এবং অন্যান্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাকে তাদের জবাব দাখিল করার স্পষ্ট নির্দেশ দিয়েছে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রাজন রায় এবং বিচারপতি মঞ্জীব শুক্লর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ জারি করেছে।
আরও পড়ুন:
পেশায় আইনজীবী রানী সিং এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন। পিটিশনে বলা হয়েছে, অনিয়ন্ত্রিত গেমিং পরিবেশের কারণে কোমলমতি শিশুদের মনস্তাত্ত্বিক নিরাপত্তা ও সামগ্রিক ভবিষ্যৎ আজ গভীর সংকটের মুখে। মামলাকারীর দাবি, নাবালকদের জন্য রবলক্স ও সমগোত্রীয় অ্যাপগুলির অ্যাক্সেস ব্লক করতে হবে। স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে ব্যাপক প্রচার চালাতে হবে, যাতে ছাত্র, শিক্ষক ও অভিভাবকেরা অনলাইন গেমিংয়ের শারীরিক ও মানসিক বিপদ সম্পর্কে সচেতন হতে পারেন।
শিশু মনস্তাত্ত্বিক, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, কৃত্রিম বুদ্ধিমত্তা মডারেটর এবং পুলিশ আধিকারিকদের নিয়ে একটি বিশেষ প্যানেল গঠন করতে হবে, যা ডিজিটাল ঝুঁকিগুলি বিশ্লেষণ করে দ্রুত সুরক্ষামূলক নির্দেশিকা তৈরি করবে।আরও পড়ুন:
পিজিআইএমইআর-এর গবেষণার অন্যতম সহ-লেখক ড. অসীম মেহরা জানিয়েছেন, সার্বক্ষণিকভাবে ইন্টারনেটে বিনোদনের সহজলভ্যতা মানুষের মুখোমুখি যোগাযোগের প্রয়োজনীয়তাকে প্রায় শেষ করে দিচ্ছে। এর ফলে শিশুরা অজান্তেই এই ভার্চুয়াল দুনিয়ার ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। ইন্টারনেট ও গেমিং আসক্তির চিকিৎসার জন্য ক্লিনিকে আসার প্রবণতা এখন আর শুধু কিশোর-কিশোরী বা টিনএজারদের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং আরও কম বয়সী ছোট ছোট শিশুরা এখন এই আসক্তি থেকে মুক্তি পেতে চিকিৎসকদের শরণাপন্ন হচ্ছে।