পুবের কলম ওয়েব ডেস্ক: শনিবার ভোরে একটি হুমকি ফোন ও ইমেল ঘিরে তীব্র আতঙ্ক ছড়াল রাজধানী দিল্লিতে। অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে জানায় যে, দিল্লির সচিবালয় এবং লালকেল্লায় বোমা রাখা আছে। এর পাশাপাশি, ইমেলের মাধ্যমে দিল্লির দু'টি স্কুলেও বোমা হামলার হুমকি দেওয়া হয়। এই ঘটনার খবর পাওয়া মাত্রই মুম্বই পুলিশ দ্রুত বিষয়টি দিল্লি পুলিশের কন্ট্রোল রুমে জানায়। এরপরই বম্ব স্কোয়াড, স্নিফার ডগ এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে সংশ্লিষ্ট স্থানগুলিতে কড়া তল্লাশি অভিযান শুরু হয়।
ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীও। তবে সচিবালয়, লালকেল্লা বা স্কুলগুলি কোথাও থেকেই কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তুর হদিশ মেলেনি। গোটা বিষয়টি আদতে একটি 'ভুয়ো হুমকি' ছিল বলে নিশ্চিত করেছে দিল্লি পুলিশ।আরও পড়ুন:
অন্যদিকে, গত বছর দিল্লির লালকেল্লায় ঘটা ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণের তদন্তে নতুন তথ্য আদালতে পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহে বিশেষ এনআইএ আদালতের বিচারক পীতাম্বর দত্তের এজলাসে ওই বিস্ফোরণের ফরেন্সিক রিপোর্ট জমা দেওয়া হয়েছে।
একই সঙ্গে, এই মামলায় গ্রেফতার হওয়া ৯ জন অভিযুক্তের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ আগামী ১৩ই জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।আরও পড়ুন:
উল্লেখ্য, গত ১৪ মে এই বিস্ফোরণ মামলায় প্রায় ৭,৫০০ পাতার একটি বিস্তারিত চার্জশিট পেশ করেছিল এনআইএ। তদন্তকারীদের রিপোর্ট অনুযায়ী, গত বছরের ১০ নভেম্বর দিল্লিতে বিস্ফোরক বোঝাই একটি গাড়িতে শক্তিশালী আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। ওই ভয়াবহ হামলায় ১১ জনের প্রাণহানির পাশাপাশি বহু মানুষ আহত হয়েছিলেন। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা।