পুবের কলম ওয়েব ডেস্কঃ পূর্বের তৃণমূল সরকারের আমলে রাজ্যে আরজি করের মতো নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছে। তারপরেও নারী নিরাপত্তার নিরিখে টানা চতুর্থবার সেরার শিরোপা পেল বাংলা। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে ব্যাপক জনাদেশ পেয়ে সরকার গঠন করতে চলেছে বিজেপি। আর উল্টোদিকে ধরাশয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। আগামী কাল বঙ্গে সরকার গড়তে চলেছে বিজেপি। তার আগে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) এই পরিসঙ্খ্যান প্রকাশ বিশেষ তাৎপর্যপূর্ণ।
এনসিআরবির তথ্য অনুযায়ী, নারী সংক্রান্ত অপরাধ বিশেষ করে ধর্ষণ, নারী নির্যাতনের অপরাধের ক্ষেত্রে দেশের ১৯ টি মহানগরের মধ্যে শীর্ষে রয়েছে রাজধানী দিল্লি। সেক্ষেত্রে বাংলায় এই ধরহসনের অপরাধ অনেক কম ঘটেছে। ২০২৪ সালের তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশ করেছে এনসিআরবি। তাতেই এই তথ্য দেওয়া হয়েছে। এই রিপোর্ট বলছে, দেশের মহানগরগুলির মধ্যে মহিলাদের জন্য সব থেকে অসুরক্ষিত শহর হল নয়াদিল্লি। যদিও ওই বছর কলকাতায় আরজি করের মতো নৃশংস ঘটনা ঘটেছে তারপরেও দেখা যাচ্ছে কলকাতাই হল মহিলাদের জন্য সবচেয়ে নিরাপদ শহর।
আরও পড়ুন:
রিপোর্ট অনুযায়ী, কলকাতায় মহিলাদের বিরুদ্ধে অপরাধের সংখ্যা হল ১ লক্ষ জনসংখ্যা পিছু ৮৩.৯। এটাই দেশের মধ্যে সবচেয়ে কম। রিপোর্টে বলা হয়েছে, দিল্লিতে ২০২৪ সালে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ১৩,৩৯৬টি। অন্যদিকে, শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে ৭,৬৬২ টি। যেখানে কলকাতায় মহিলাদের বিরুদ্ধে অপরাধ হয়েছে ৪,৭৪৮টি। যেটা ২০২৩ সালের তুলনায়ও কম।
উল্লেখ্য, ২০২৩ সালে এই সংখ্যা ছিল ৪,৮৭০টি। যেখানে কলকাতায় নারীদের ওপর অপরাধের ঘটনা কমেছে সেখানে আবার দিল্লিতেএই অপরাধের ঘটনা বেড়েছে। যদিও বর্তমানে দিল্লিতে বিজেপি সরকার রয়েছে। তবে ২০২৪ সালে সেখানে ছিল আম আদমি পার্টির সরকার।আরও পড়ুন:
এছাড়াও, তামিলনাড়ু, কেরল, গুজরাত, হরিয়ানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কর্ণাটক এবং উত্তরপ্রদেশে নারী নিরাপত্তা সংক্রান্ত অপরাধ পশ্চিমবঙ্গের থেকে বেশি। তবে বিজেপির দাবি, রাজ্য সরকার অপরাধ কমিয়ে দেখানোর ফলে সঠিক সংখ্যা রিপোর্টে প্রতিফলিত হয়নি।