পুবের কলম ওয়েব ডেস্ক: জ্বালানি খরচ কমানো এবং দূষণ নিয়ন্ত্রণে এবার বড় পদক্ষেপ নিল দিল্লি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে এবার সরকারি দফতরে নতুন কর্মপদ্ধতি চালুর ঘোষণা করা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখে গুপ্তা জানিয়েছেন, এবার থেকে সরকারি কর্মীরা সপ্তাহে দু’দিন বাড়ি থেকেই কাজ করবেন। বৃহস্পতিবার এই ঘোষণা করে তিনি জানান, জ্বালানি বাঁচাতে শুধু বাড়ি থেকে কাজের ব্যবস্থাই নয়, আরও একাধিক নিয়ম চালু করা হচ্ছে। সরকারি দফতরের অর্ধেক বৈঠক এবার থেকে অনলাইনে করা হবে।
এতে যাতায়াত কমবে, পাশাপাশি সময় ও জ্বালানি দুটোই সাশ্রয় হবে বলে মনে করছে প্রশাসন।আরও পড়ুন:
যানজট কমাতে এবং রাস্তায় গাড়ির চাপ নিয়ন্ত্রণে সরকারি দফতরের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি সরকার এবং পুরসভার বিভিন্ন অফিসে আলাদা সময় নির্ধারণ করা হতে পারে, যাতে একসঙ্গে অতিরিক্ত যানবাহন রাস্তায় না নামে। সরকার চাইছে শুধু সরকারি কর্মীরাই নয়, সাধারণ মানুষও এই উদ্যোগে সামিল হোন। সেই কারণে গণসচেতনতা কর্মসূচিও নেওয়া হবে।
মানুষকে ব্যক্তিগত গাড়ির বদলে একসঙ্গে যাতায়াত এবং গণপরিবহণ ব্যবহারে উৎসাহ দেওয়া হবে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, সরকারি কাজে অপ্রয়োজনীয় গাড়ি ব্যবহার কমাতে হবে। মন্ত্রী, বিধায়ক, জনপ্রতিনিধি এবং সরকারি কর্মীদের যতটা সম্ভব কম গাড়ি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। তার বদলে একসঙ্গে গাড়িতে যাতায়াত এবং বাস-মেট্রোর মতো গণপরিবহণ ব্যবহারের উপর জোর দেওয়া হচ্ছে। সরকারি গাড়ির জন্য জ্বালানির বরাদ্দও কমিয়ে দেওয়া হয়েছে। আধিকারিকদের জন্য নির্ধারিত জ্বালানি প্রায় ২০ শতাংশ কমানো হয়েছে। মাসে সর্বোচ্চ ২০০ লিটার পর্যন্ত বরাদ্দ রাখা হয়েছে বলে জানা গিয়েছে।আরও পড়ুন:
গণপরিবহণের ব্যবহার বাড়াতে বিশেষ উদ্যোগও নিচ্ছে দিল্লি সরকার। সপ্তাহে একদিন ‘নো ভেহিকেল ডে’ পালনের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মেট্রো দিবস পালন করে মানুষকে মেট্রো ব্যবহারে উৎসাহিত করা হবে। এছাড়া সরকারি আবাসন এলাকা থেকে বিশেষ বাস পরিষেবাও চালু করা হচ্ছে। ২৯টি সরকারি আবাসন থেকে ৫৮টি বিশেষ বাস চলবে বলে ঘোষণা করা হয়েছে। আগামী ছয় মাস নতুন কোনও সরকারি গাড়ি কেনা হবে না বলেও স্পষ্ট জানিয়েছে দিল্লি সরকার।