পুবের কলম ওয়েব ডেস্ক: রাতভর রেকর্ড বৃষ্টিপাতের জেরে চরম বিপর্যয়ের মুখে পড়েছে রাজধানী দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চল। দিল্লির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে, উপড়ে গিয়েছে বহু গাছপালা এবং তীব্র যানজটে ব্যাহত হয়ে পড়েছে জনজীবন। এর মাঝেই রোহিনী এলাকায় একটি নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় পুরসভা নিকাশি ব্যবস্থার ওপর জোর দিলেও জমা জল নামাতে হিমশিম খাচ্ছেন কর্মীরা।

সোশ্যাল মিডিয়ায় সামনে আসা একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, দিল্লির প্রধান রাস্তাগুলি কার্যত নদীতে পরিণত হয়েছে এবং সেখানে হাঁটুজল ভেঙে যাতায়াত করছেন সাধারণ মানুষ। জল জমার কারণে সদর বাজার, গ্রেটার কৈলাশ, বদরপুর, নাসিরপুর, তেলিওয়ারা, মহাবীর বাজার, স্বরূপ নগর, কুশক রোড, মুনিরকা, দ্বারকা, বিকাশ মার্গ, পূর্ব দিল্লি এবং নতুন দিল্লি রেলওয়ে স্টেশন চত্বর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রধান প্রধান সড়কে গাছ উপড়ে পড়ায় ও জল জমে থাকায় গাড়ি চলাচল ব্যাহত হচ্ছে, যার ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দিল্লির প্রধান আবহাওয়া কেন্দ্র সফদরজং-এ ৭২.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এছাড়া একই সময়ে লোধি রোডে ৮০.২ মিলিমিটার, রিজ-এ ৭৭.৮ মিলিমিটার, পালামে ৬৩ মিলিমিটার এবং আয়ানগরে ৫৭.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। মৌসম ভবন সতর্ক করেছে যে, বৃহস্পতিবারও দিল্লি ও তার সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

এই দুর্যোগের প্রভাব পড়েছে দিল্লির প্রতিবেশী শহর গুরুগ্রামেও। রাস্তাঘাট জলে ডুবে যাওয়ার কারণে নরসিংহপুর, বসাই, উমাং ভরদ্বাজ চক, কাদিপুর, সেক্টর ১০এ এবং সোহনা রোডের কাছাকাছি দিল্লি-জয়পুর মহাসড়কে গাড়ি চলাচল থমকে যায় এবং মাইলের পর মাইল দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।