পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যজুড়ে ফের দুর্যোগের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এখনই বৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বিশেষ করে রথযাত্রার দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

 হাওয়া অফিস জানিয়েছে, ওই দিন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।


আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মৌসুমি অক্ষরেখা অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে। এই অক্ষরেখাটি জম্মু-কাশ্মীর থেকে শুরু হয়ে বাংলার বাঁকুড়া ও ক্যানিংয়ের ওপর দিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি আজ, বুধবার উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশ এলাকায় অবস্থান করা একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। এই জোড়া আবহাওয়া পরিস্থিতির জেরে আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

 ইতিমধ্যেই উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই পাঁচটি জেলায় আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল হওয়ার প্রবল সম্ভাবনা থাকায় আজ থেকে আগামী শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে হাওয়া অফিস। 

অন্যদিকে তাপমাত্রার নিরিখে এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৯ থেকে ৯৮ শতাংশের মধ্যে ওঠানামা করছে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের পরিস্থিতিও উদ্বেগজনক। আজ ও আগামীকাল উত্তরের জেলাগুলিতে বৃষ্টির দাপট কিছুটা কম থাকার সম্ভাবনা থাকলেও, রবিবার ও সোমবার সেখানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তরের এই পাঁচ জেলায় সতর্কতা বহাল থাকবে। পাহাড়ি এলাকাগুলিতে ওই দিনগুলিতে ২০০ মিলিমিটার পর্যন্ত ব্যাপক বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে।