পুবের কলম ওয়েব ডেস্ক: উত্তরবঙ্গে আগেই বর্ষা প্রবেশ করেছে। এবার দক্ষিণবঙ্গ নিয়েও আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী দুই দিনের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু ঢুকে পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এই বর্ষার পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্তমানে বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং উত্তরবঙ্গের ৩ থেকে ৪টি জেলায় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে।

ফলে রাজ্যের বাকি জেলাগুলিতেও বর্ষার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশাতেও আগামী তিন-চার দিনের মধ্যে মৌসুমি বায়ু প্রবেশ করবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

আবহাওয়া দফতর জানিয়েছে, আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এর পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই । আবহাওয়াবিদরা মনে করছেন, এই বর্ষার পূর্বাভাস আগামী কয়েকদিন রাজ্যজুড়ে পরিস্থিতির ওপর বিশেষ প্রভাব ফেলবে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গ গরম ও অস্বস্তির মাঝেই ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দুই-এক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে, তবে বৃষ্টি না হলে গরম ও অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে।

আগামী ৭ দিনে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ পূর্ব বর্ধমান এবং বাঁকুড়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলি জেলায় কালবৈশাখীর সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা থাকছে। পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে । আজ কলকাতাতেও ঝড়-বৃষ্টি হচ্ছে। ৩০-৫০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সামগ্রিকভাবে মৌসুমি বায়ু সংক্রান্ত এই পূর্বাভাস অনুযায়ী আবহাওয়ার এই পরিবর্তন আগামী কয়েকদিন বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।