পুবের কলম ওয়েব ডেস্ক: যাদবপুরে রেলের জমিতে হকার উচ্ছেদ সংক্রান্ত মামলায় সাময়িক স্বস্তি পেলেন ব্যবসায়ীরা। বুধবার কলকাতা হাই কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেই মামলায় আদালত ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশ দিয়েছে। এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আদালত।
রাজ্যের বিভিন্ন প্রান্তে রেলের বেআইনি দখলদার উচ্ছেদ সংক্রান্ত সমস্ত মামলা একসঙ্গে শোনার সিদ্ধান্ত নিয়েছে উচ্চ আদালত।আরও পড়ুন:
সম্প্রতি রাজ্যের বিভিন্ন রেল স্টেশন ও রেলের জায়গা থেকে অবৈধ দখলদারি হটাতে উদ্যোগী হয়েছে রেল কর্তৃপক্ষ। এর জন্য আরপিএফ ও রেল পুলিশকে নিয়মিত অভিযানে নামতে দেখা গিয়েছে। বিশেষ করে শিয়ালদা ও হাওড়া সহ বিভিন্ন স্টেশনে এই অভিযান জোরদার করা হয়েছে।
তবে গত রবিবার গভীর রাতে যাদবপুর স্টেশনের ধারে রেলের জমিতে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ও হকার উচ্ছেদকে কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেখানে স্থানীয় সিপিএম নেতাদের উপস্থিতিতে হকার উচ্ছেদকে কেন্দ্র করে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তার পরেই ক্ষতিগ্রস্ত হকাররা আদালতের দ্বারস্থ হন।আরও পড়ুন:
আজ বুধবার কলকাতা হাইকোর্টে হকার উচ্ছেদ সংক্রান্ত মামলায় বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী শামিম আহমেদ।
তিনি জরুরি ভিত্তিতে আদালতে বিষয়টি বিবেচনার আবেদন জানান। তার ভিত্তিতে আদালত মামলা দায়েরের অনুমতি দেয়। এরপর বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য হকার উচ্ছেদ আপাতত স্থগিত রাখার নির্দেশ দেন। উল্লেখ্য, এর আগে হাওড়া, কোন্নগর ও ডানকুনি সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হকার উচ্ছেদ নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছিল। সেক্ষেত্রে হকাররা রেলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই সমস্ত মামলা একসঙ্গে শুনতে চায় আদালত। মামলার পরবর্তী শুনানি ১৭ জুন ধার্য করা হয়েছে।