পুবের কলম ওয়েবডেস্ক: শুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনা ফের আলোচনায়। দীর্ঘদিন ধরে ওঠা প্রশ্নগুলির উত্তর খুঁজতে এবার নড়েচড়ে বসেছে কেন্দ্র। সর্বভারতীয় চলচ্চিত্র কর্মী সংগঠনের অভিযোগের পর ওড়িশা প্রশাসনের কাছে ঘটনার বিস্তারিত তদন্তের বিষয়ে বার্তা পৌঁছেছে বলে জানা গিয়েছে।

সংগঠনের দাবি, যে ধারাবাহিকের শুটিং চলছিল সেখানে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম যথাযথভাবে মানা হয়নি। তাদের অভিযোগ, এই অবহেলার ফলেই রাহুলের প্রাণহানি ঘটে থাকতে পারে।

তাই ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখতে বিশেষ তদন্তকারী দল গঠনের দাবি তোলা হয়েছে। পাশাপাশি শুটিং পরিচালনা ও প্রযোজনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা পরীক্ষা করারও আবেদন জানানো হয়েছে।

রাহুলের মৃত্যুর পর থেকেই বাংলা বিনোদন জগতে ক্ষোভের সুর শোনা যায়। শিল্পী, কলাকুশলী ও প্রযুক্তিকর্মীদের একাংশ নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে সরব হন। অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও পৃথক অভিযোগ দায়ের করে ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়েছেন।